Homeশিক্ষাবিশ্বকাপের ম্যাচ নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম মিশরের খেলা দেখাকে কেন্দ্র করে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে খেলা শুরু হওয়ার সময় বসার জায়গা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষ ঘণ্টাখানেক ধরে চলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল পর্যন্ত আহত ৭ শিক্ষার্থী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং গুরুতর আহত একজন মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুল কুদ্দুসও আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুনীর মোর্শেদ দ্য ডেইলি স্টারকে জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ক্যাম্পাসে পুলিশ আসে।

প্রক্টর বলেন, ‘উপাচার্য (ভিসি) স্যার এবং এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা করা হবে।’

ক্যাম্পাস সূত্র জানায়, রাতে সংঘর্ষ থামলেও সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

RELATED ARTICLES

Most Popular