Homeসারাদেশবেড়ায় থমথমে পরিস্থিতি: স্কুলের পরীক্ষা স্থগিত, অধিকাংশ দোকান বন্ধ, আটক ৫

বেড়ায় থমথমে পরিস্থিতি: স্কুলের পরীক্ষা স্থগিত, অধিকাংশ দোকান বন্ধ, আটক ৫

পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দিনব্যাপী সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে রোববার উপজেলা সদরের স্কুলগুলোর পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে বেড়া পৌর সদর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন টহল দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ব্যাপক সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, এসআরবি ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপজেলা সদরে টহল দিচ্ছেন।’

ইউএনও আরও বলেন, ‘আজ অধিকাংশ দোকানপাট ও বাজার বন্ধ রয়েছে। প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে আমরা মানুষের আতঙ্ক দূর করার চেষ্টা করছি।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেড়া পৌর সদর এলাকায় এক ধরনের নীরবতা নেমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছেন না। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাসভবনের কাছে বৃশালিখা এলাকায় বাঁশের ব্যারিকেড দেখা গেছে।

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে বেড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সোলায়মান হোসেন জানান, উপজেলা সদরের স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় ২২ ও ২৩ নভেম্বরের পরীক্ষা স্থগিত করেছি।’

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, গতকালের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজন আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে।

ওসি বলেন, ‘এলাকায় যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’

আজ বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

এর আগে গতকাল বেড়া পৌর এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনব্যাপী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। গত বৃহস্পতিবার থেকে বৃশালিখা, পাইনা, হাতিগারা ও উপজেলার আশপাশের এলাকায় দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বিএনপির অভিযোগ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সাহস পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাতে বেড়া থানার ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করে গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়।

পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব জানান, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে তারা কাজ করছেন।

গতকাল রাতে দ্য ডেইলি স্টারকে তিনি বলেছিলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পূর্বপরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।’

RELATED ARTICLES

Most Popular