ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ঘণ্টা ধরে রেল ও সড়কপথ অবরোধের পর জেলা প্রশাসকের (ডিসি) আশ্বাসে ৩ দিনের জন্য তা প্রত্যাহার করে নিয়েছেন স্থানীয়দের একটি অংশ।
সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে স্থানীয়রা আজ রোববার সকালে রেল ও সড়ক অবরোধ করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কোড্ডা রেলকেবিন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা।
পরে জেলা প্রশাসক মো. আবু সাঈদ ওই প্রস্তাব বাতিলের বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সাড়ে ১১টার দিকে ৩ দিনের জন্য অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন বলেও জানান ওসি খাইরুল।
অবরোধের কারণে রেল চলাচল বন্ধ থাকার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, ভৈরব রেলওয়ে জংশনে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, তালশহর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস এবং আখাউড়া রেলওয়ে জংশনে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস অবরোধের কারণে আটকা পড়ে।
একইসঙ্গে আন্দোলনকারীরা আখাউড়া স্থলবন্দরগামী সড়ক অবরোধ করলে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ওসি খাইরুল বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ-সংক্রান্ত গেজেট গত ৪ জুন প্রকাশিত হয়।
শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন বলে দাবি করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তাদের আপত্তির মধ্যেই সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়ার বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে।
আন্দোলনকারীদের অভিযোগ, জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
