Homeস্পোর্টসমিরপুর টেস্টে অন্যরকম ভূমিকায় মুশফিক

মিরপুর টেস্টে অন্যরকম ভূমিকায় মুশফিক

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে একশোর বেশি টেস্ট খেলেছেন, টেস্টে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানও তার। দুই দশক ধরে টেস্ট খেলা মুশফিকুর রহিম টেস্টে বাংলাদেশের অন্যতম বড় বিজ্ঞাপনও। তবে মিরপুর টেস্টে তাকে পাওয়া গেল ভিন্ন ভূমিকায়।

আগের দিন অনুশীলনে নেটে ব্যাট করতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান। শুরুতে মনে করা হচ্ছিল এই চোট বুঝি খুব একটা গুরুতর নয়। ম্যাচের দিন সকালে আঙুল ফুলে থাকায় গ্লাভস পরতে পারছিলেন না মুশফিক। অগত্যা দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারকে একাদশের বাইরে রেখে নামতে হলো দলকে।

সাধারণত দলের সিনিয়র ক্রিকেটার কোনো কারণে একাদশের বাইরে থাকলে ডাগআউটে বিশ্রাম নেন। মুশফিক এক্ষেত্রে ভিন্ন। খেলার প্রতি নিবেদন তার সর্বোচ্চ ধাপে। কোনো না কোনোভাবে মাঠে জড়িয়ে থাকতে চান। মুশফিককে দেখা গেল তাই পানি টানতে।

ড্রিংকস বিরতিতে ব্যাটারদের জন্য পানি ও খাবার নিয়ে একাধিকবার মাঠে প্রবেশ করেছেন তিনি। ৩৯ পেরোনো দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার এই কাজ করতেও যেন ছিলেন বেশ উচ্ছ্বসিত। মুখে হাসি লেগেই ছিল। ক্যারিয়ারের শুরুর দিকের কিছু ম্যাচ ছাড়া মুশফিকের এমন ভূমিকা বিরল। 

সবকিছু ঠিক থাকলে পরের টেস্টে এই ভূমিকায় আর থাকা দরকার হবে না মুশফিকের। ফিট হয়েই সিলেট টেস্টে একাদশে ফেরার কথা ১০৬ টেস্ট খেলা বাংলাদেশের সফলতম ব্যাটারের।

 

RELATED ARTICLES

Most Popular