আর্জেন্টিনার ফুটবলে প্রতিভার অভাব কখনোই ছিল না। বিভিন্ন প্রজন্মে জন্ম নিয়েছেন বিশ্বমানের সব ফুটবলার। তবে লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার মতো খেলোয়াড় যে কতটা বিরল, তা ফুটবলবিশ্ব ভালো করেই জানে। সেই দুই কিংবদন্তির সঙ্গে এবার এক তরুণের প্রতিভার মিল খুঁজে পেলেন দলটির সাবেক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তার চোখে, ২২ বছর বয়সে নিকো পাজ যে উজ্জ্বল পারফরম্যান্স দেখাচ্ছেন, অতীতে তা করতে পেরেছিলেন কেবল মেসি ও ম্যারাডোনা।
ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে পাজকে নিয়ে এমনই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভেরন। তার মতে, অসাধারণ টেকনিক, খেলা পড়ার ক্ষমতা, ফুটবলীয় প্রজ্ঞা ও পরিণতিবোধ— সব মিলিয়ে কোমোর এই প্লেমেকারের সামর্থ্য বিশাল। ভেরনের ভাষায়, ‘২২ বছর বয়সে এরকম কিছু করতে আমি শুধু মেসি আর বিশেষ করে ম্যারাডোনাকেই দেখেছি।’
তবে পাজকে এখনই মেসি কিংবা ম্যারাডোনার পর্যায়ে বসিয়ে দিতে চান না ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক তারকা। বরং ভেরনের বিশ্বাস, সঠিক পথে এগোতে পারলে ভবিষ্যতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন তিনি, ‘সে যদি এখনকার মতোই পেশাদার আচরণ বজায় রাখতে পারে, তাহলে ভবিষ্যৎটা তারই।’
পাজের যে গুণটি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ভেরনকে, সেটি হলো মাঠে তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব। প্রতিপক্ষের কড়া পাহারায় থাকলেও সতীর্থরা নিয়মিত তার পায়ে বল তুলে দিতে চান। কারণ, চাপের মধ্যেও প্রতিপক্ষকে কাটিয়ে বেরিয়ে আসার কিংবা কঠিন পরিস্থিতি থেকে সমাধান খুঁজে নেওয়ার সামর্থ্য রাখেন তিনি।
শুধু ব্যক্তিগত দক্ষতাই নয়, খেলার গতিপ্রকৃতি বোঝার ক্ষমতাও পাজকে আলাদা করেছে বলে মনে করেন ভেরন। কখন আক্রমণের গতি বাড়াতে হবে, কখন খেলা ধীর করতে হবে, আবার কখন নিজেই দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে হবে— এসব বিষয়ে তার বোধ চোখে পড়ার মতো। তার মধ্যে একজন স্বাভাবিক নেতার বৈশিষ্ট্যও রয়েছে।
নিজের খেলার ধরনের সঙ্গে পাজের তুলনা টেনে ভেরন বলেন, ‘স্বীকার করতেই হচ্ছে, নিকো পাজ যেন আমিই— তবে আমার চেয়ে সে ২০ মিটার এগিয়ে থাকে। সে স্বাধীনভাবে শট নিতে, গোল করতে, অ্যাসিস্ট করতে কিংবা রক্ষণভেদী পাস বাড়াতে পারে।’
তবে আর্জেন্টিনার তরুণদের নিয়ে অতিরিক্ত উচ্ছ্বাসের বিপদ সম্পর্কেও সতর্ক করেছেন ভেরন। তার মতে, প্রতিভাবান ফুটবলারদের বিকশিত হওয়ার জন্য সময় ও স্বাভাবিক পরিবেশ প্রয়োজন। অল্প বয়সেই প্রত্যাশার পাহাড় চাপিয়ে দিলে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হতে পারে।
আন্তর্জাতিক ফুটবল থেকে মহাতারকা মেসির অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি বিবেচনা করা হচ্ছে পাজকে। সেই ভাবনা যে যৌক্তিক, সেটার প্রমাণ তিনি রাখছেন মাঠের পারফরম্যান্সে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৬ গোল ও ২ অ্যাসিস্ট রয়েছে তার।
