Homeসারাদেশমৌলভীবাজারে বাসায় ফেরার পথে নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা

মৌলভীবাজারে বাসায় ফেরার পথে নারী পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা করে দুই দুর্বৃত্ত। এ সময় ওই কনস্টেবল চিৎকার করলে তারা পালিয়ে যায়।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ওই নারীর স্বামীও একই থানার কনস্টেবল।

তিনি জানান, তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশে একটি ভাড়া বাসায় থাকেন। গতকাল রাতে থানার দায়িত্ব শেষ করে তার স্ত্রী সাধারণ পোশাকে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে এক যুবক তার মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আরেক যুবক মোটরসাইকেল নিয়ে কিছুটা দূরে অপেক্ষা করছিলেন।

নারী কনস্টেবল বলেন, ‘আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। সেসময় দুই যুবক মোটরসাইকেল নিয়ে দ্রুত জুড়ী রেলস্টেশনের দিকে পালিয়ে যায়।’

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জিডি করা হয়েছে। একটি সিটিটিভি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই যুবককে দেখা গেছে।

‘প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে’, বলেন তিনি।

RELATED ARTICLES

Most Popular