Homeসারাদেশরাতে মোটরসাইকেল চলাচলে এসএমপির নিষেধাজ্ঞা, কতটা যৌক্তিক?

রাতে মোটরসাইকেল চলাচলে এসএমপির নিষেধাজ্ঞা, কতটা যৌক্তিক?

সিলেট মহানগরীতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তার স্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। তবে এভাবে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ কতটা আইনসম্মত, কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সংবিধানবিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আরিফ খানের মতে, জননিরাপত্তার স্বার্থে যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষমতা পুলিশের রয়েছে। তবে এ ধরনের নিষেধাজ্ঞার পেছনে সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। পাশাপাশি এর মেয়াদ নির্ধারণ এবং জরুরি প্রয়োজনে চলাচলের সুযোগ স্পষ্ট করাও জরুরি।

অন্যদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা মনে করেন, বিশেষ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। তবে তা হতে হবে সীমিত সময়ের জন্য এবং পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তদারকির মধ্যে।

গত শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মুর্শেদ শামীমের সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসঙ্গত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না। তবে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হলে হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিজ্ঞপ্তি দেওয়ার আগে আমরা কয়েকটি বিষয় বিবেচনায় নিয়েছি। দেখা গেছে, এ সময় মাদক কারবারি, চোরাকারবারিদের লোকজন ও চোরেরা মোটরসাইকেল ব্যবহার করে চলাফেরা করে। কখনো কখনো তারা পর্যটকের ছদ্মবেশেও থাকে।’

তিনি বলেন, ‘সম্প্রতি বাসে আগুন দেওয়া এবং প্রতিমন্ত্রীর বাসার প্রবেশপথে অগ্নিসংযোগের মতো ঘটনাগুলোও আমরা বিবেচনায় নিয়েছি। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। যেকোনো উপায়ে নগরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’

সংবিধানের ৩৬ অনুচ্ছেদে নাগরিকের চলাফেরার স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। তবে জনস্বার্থে আইনের মাধ্যমে এ অধিকারের ওপর যুক্তিসঙ্গগত বিধিনিষেধ আরোপের সুযোগও রয়েছে। অর্থাৎ জননিরাপত্তার প্রয়োজনে আইন অনুযায়ী মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যেতে পারে।

আইনজীবী আরিফ খান দ্য ডেইলি স্টারকে বলেন, মহানগরী এলাকায় যান চলাচলের ওপর প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারির ক্ষমতা পুলিশের রয়েছে। আইন ও সংবিধান এ ক্ষমতা দিয়েছে। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে।

তিনি বলেন, ‘প্রথমত, নিষেধাজ্ঞার পেছনে সুনির্দিষ্ট ও যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে। কেন মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, অন্য যানবাহনের ক্ষেত্রে কেন একই ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটিও স্পষ্ট হওয়া দরকার। শুধু জননিরাপত্তার স্বার্থে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, এমন অস্পষ্ট বক্তব্য যথেষ্ট নয়। এতে নিষেধাজ্ঞার অপব্যবহারের আশঙ্কা থাকে।’

‘দ্বিতীয়ত, নিষেধাজ্ঞার মেয়াদ সুনির্দিষ্ট হওয়া উচিত। কতদিনের জন্য এ বিধিনিষেধ কার্যকর থাকবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে।’

তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে, এমন বক্তব্য কার্যত অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারির শামিল। জনসাধারণের চলাচলের ওপর এ ধরনের বিধিনিষেধ দীর্ঘমেয়াদি বা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। দুই সপ্তাহ, তিন সপ্তাহ বা এক মাসের মতো নির্দিষ্ট সময়ের জন্য এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে।’

তৃতীয়ত, জরুরি প্রয়োজনে মোটরসাইকেল চলাচলের সুযোগ স্পষ্ট করতে হবে বলে মনে করেন এই আইনজীবী।

তার ভাষ্য, কাউকে হাসপাতালে নেওয়া, জরুরি ওষুধ সংগ্রহ বা বিমানবন্দরে যাওয়ার মতো প্রয়োজনে মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকতে হবে। কোন কোন পরিস্থিতিতে নিষেধাজ্ঞার বাইরে চলাচল করা যাবে, বিজ্ঞপ্তিতে তার কয়েকটি উদাহরণ উল্লেখ করা উচিত। শুধু জরুরি প্রয়োজনে বের হওয়া যাবে বললে বিষয়টি অস্পষ্ট থেকে যায়।

আরিফ খান বলেন, ‘আইন ও সংবিধান অনুযায়ী জননিরাপত্তার স্বার্থে প্রয়োজনে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যায়। তবে নিষেধাজ্ঞার কারণ সুনির্দিষ্ট হতে হবে, এর মেয়াদ নির্ধারিত থাকতে হবে এবং জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এসব শর্ত পূরণ না হলে নিষেধাজ্ঞাটি আইনগত ও সাংবিধানিকভাবে চ্যালেঞ্জযোগ্য হতে পারে।’

সাবেক আইজিপি নুরুল হুদা মনে করেন, বিশেষ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে মানুষের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করতে হতে পারে। তবে এ ধরনের ব্যবস্থা দীর্ঘ সময়ের জন্য হওয়া উচিত নয়।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জননিরাপত্তার স্বার্থে এ ধরনের নিষেধাজ্ঞা একটি পদক্ষেপ হতে পারে। তবে অপরাধ নিয়ন্ত্রণে শুধু এ ব্যবস্থা যথেষ্ট নয়। আরও অনেক পদক্ষেপের পাশাপাশি এটি নেওয়া যেতে পারে। বাসে বা ট্রাকে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পরিস্থিতি বিবেচনায় এমন ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে যত কম সময়ের জন্য এ ধরনের বিধিনিষেধ কার্যকর রাখা যায়, ততই ভালো।’

নিষেধাজ্ঞার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া উচিত বলে মনে করেন নুরুল হুদা। তবে তার মতে, রাত ১২টার পর সাধারণত বেশির ভাগ মানুষের চলাচলের প্রয়োজন থাকে না। তাই এ সিদ্ধান্তে মানুষের চলাচলের স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে, এমনটা বলা কঠিন।

এ ধরনের সিদ্ধান্তের অপব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেননি সাবেক এই পুলিশপ্রধান। তিনি বলেন, ‘যেহেতু মানুষ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তাই অপব্যবহার হতে পারে। এ জন্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের নজর রাখতে হবে। জননিরাপত্তার জন্য নেওয়া ব্যবস্থা যেন উল্টো সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়, তা নিশ্চিত করতে হবে।’

নুরুল হুদা বলেন, যারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের সংখ্যা হয়তো খুব বেশি নয়। কিন্তু তাদের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশেও বিশেষ পরিস্থিতিতে এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়। তবে তা হতে হবে সীমিত সময়ের জন্য এবং যথাযথ তদারকির মধ্যে।

তিনি বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করাই যদি এ ধরনের নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য হয়, তাহলে প্রয়োজনে মানুষের চলাচলের স্বাধীনতায় কিছুটা সীমাবদ্ধতা আরোপ করতে হতে পারে। তবে সেটি হতে হবে প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সীমিত সময়ের জন্য এবং যথাযথ তদারকির মাধ্যমে।’

সিলেটে পুলিশের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে নুরুল হুদা বলেন, সারা দেশে নয়, শুধু একটি মহানগরীতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সেখানকার পরিস্থিতি ও পুলিশের মূল্যায়নের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা উচিত। একইসঙ্গে নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষ যেন অযথা ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তদারকি করতে হবে।

RELATED ARTICLES

Most Popular