Homeস্পোর্টসলম্বা অপেক্ষার সেঞ্চুরি করেই থামলেন সাদমান, উইকেট ছুড়ে দিলেন হৃদয়

লম্বা অপেক্ষার সেঞ্চুরি করেই থামলেন সাদমান, উইকেট ছুড়ে দিলেন হৃদয়

আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকায় সাদমান ইসলামকে নিয়ে পুরো দলই ছিল ‘নার্ভাস’। নব্বইয়ের ঘরে দুইবার আলোকস্বল্পতায় অপেক্ষায় থাকতে হওয়ায় স্নায়ুচাপ নিশ্চিতভাবেই বাড়ছিল। তবে গোটা রাতের অপেক্ষা সকালে আর লম্বা হয়নি। দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে মাইলফলক স্পর্শ করে আউটও হয়ে যান দ্রুত। এরপর তাওহিদ হৃদয় চোট কাটিয়ে ফিরে অদ্ভুত শটে নেন বিদায়।

টেস্ট ক্রিকেটে আগের দিন ৯৯ রানে অপরাজিত থেকে পরের দিন নেমে কোনো ব্যাটার আউট হননি। সাদমান সেঞ্চুরি না পেলে রেকর্ড হয়ে যেত। তিক্ত সেই পরিস্থিতি আসেনি। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে নেমেই উদযাপনের সুযোগ পান বাংলাদেশের বাঁহাতি ওপেনার।

জশুয়া বিশপকে অনসাইডে ঠেলে দুই রান নিয়ে ব্যাট উঁচিয়ে ধরেন সাদমান। টেস্টে এটি তার তৃতীয় শতক। অনেকটা রয়েসয়ে খেলে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে ২২০ বলে মাইলফলকে যান সাদমান।

সেঞ্চুরির পর জোমেল ওয়ারিকনকে বাউন্ডারি মেরে কিছুটা সচল হওয়ার আভাস দিয়েছিলেন। কিন্তু পরের ওভারে থামেন বিশপের বলে। বাঁহাতি স্পিনারকে পেছনের পায়ে খেলতে গিয়ে এলবিডব্লিউতে কাটা পড়েন, রিভিউ নিয়েও লাভ হয়নি। ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান আসে সাদমানের ব্যাটে।

আগের দিন পেশির চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়া তাওহিদ হৃদয় সেরে উঠে নেমেই উইকেট ছুড়ে দেন। বিশপকে স্লগ করতে যান অহেতুক, দাঁড়িয়েছিলেন স্টাম্প ছেড়ে। মনে হচ্ছিল বুঝি এক বলে ম্যাচ জিততে বাউন্ডারি চাই দলের। লাইন মিস করে হৃদয় হারান স্টাম্প। ৮৬ বলে ৪২ করে থামেন ডানহাতি ব্যাটার। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ২২১ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট।

 

RELATED ARTICLES

Most Popular