Homeস্পোর্টসলাহোর কালান্দার্সে যুক্ত হলেন সাবেক বিসিবি সভাপতি বুলবুল

লাহোর কালান্দার্সে যুক্ত হলেন সাবেক বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুক্ত হচ্ছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স তাদের হাই-পারফরম্যান্স সেন্টারসমূহের উপদেষ্টা হিসেবে বুলবুলকে নিয়োগ দিয়েছে।

লাহোর কালান্দার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুলবুল ক্রিকেট খেলোয়াড়দের উন্নয়ন, কোচিং অনুশীলন এবং তরুণ ক্রিকেটারদের খেলার মাঠে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টির ওপর বিশেষ জোর দিয়ে কালান্দার্সের হাই-পারফরম্যান্স কেন্দ্রগুলোর বিকাশে দিকনির্দেশনা দেবেন।

২০২৫ সালের ৩০ মে নানা নাটকীয়তার মধ্য দিয়ে ফারুক আহমেদের জায়গায় বিসিবি সভাপতির চেয়ারে বসেন বুলবুল। শুরুতে নির্বাচন না করার কথা বললেও পরে বিতর্কিত নির্বাচনে ফের সভাপতি হন তিনি। তবে তার বিদায়ও হয় তিক্ত।

দেশের ক্ষমতার পালাবদলের পর চলতি বছর এপ্রিল মাসে তাকে অপসারণ করে জাতীয় ক্রীড়া পরিষদ। তার জায়গায় অ্যাডহক কমিটির প্রধান হিসেবে বিসিবির ক্ষমতার চেয়ারে আসা তামিম ইকবাল এখন নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বে আছেন।

বুলবুল সভাপতি থাকাকালীন ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ। এই নিয়ে তীব্র সমালোচনা আছে তার বোর্ডের।

বিসিবির সর্বোচ্চ চেয়ারে বসার আগে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৫ থেকে ২০২৫ সাল আইসিসি এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলে ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন। লাহোর জানিয়েছে তার এই অভিজ্ঞতা তারা কাজে লাগাতে চায়।

বিসিবি সভাপতি থাকাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বেশ সখ্য ছিল বুলবুলের।

খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে খেলতে নেমে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার।

 

RELATED ARTICLES

Most Popular