বাংলাদেশে প্রায় ২৫ হাজার কওমি মাদ্রাসায় আনুমানিক ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে এসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনেকগুলোতেই শিশুদের সুরক্ষায় কার্যকর নীতিমালা বা নির্যাতন ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেই।
অভিযোগ জানানোর ব্যবস্থাও একেক প্রতিষ্ঠানে একেক রকম। পাশাপাশি নজরদারির ঘাটতি রয়েছে। ফলে বিশেষ করে আবাসিক মাদ্রাসাগুলোতে শিশুরা নির্যাতনের ঝুঁকিতে থাকছে।
সম্প্রতি বিভিন্ন জেলায় ২০ জনের বেশি মাদ্রাসাশিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন, শারীরিক আঘাত ও ভয়ভীতি দেখানোর নানা অভিযোগ শিশুদের নিরাপত্তার ঘাটতির বিষয়টি সামনে এনেছে। প্রতিষ্ঠানের ভেতরে কার্যকর সুরক্ষাব্যবস্থা না থাকায় নির্যাতিত শিশুরা প্রতিকার পাওয়ার সুযোগও পাচ্ছে না।
আট বছর বয়সী আবু সুফিয়ান (ছদ্মনাম) দুই বছর ধরে গাজীপুরের একটি কওমি মাদ্রাসায় অনাবাসিক শিক্ষার্থী হিসেবে পড়ছিল। এক শিক্ষকের কথায় রাজি হয়ে গত ৭ অক্টোবর তার বাবা-মা মাদ্রাসার আবাসিক বিভাগে ভর্তি করেন তাকে।
চার দিন পর অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসে সুফিয়ান। শরীরে জ্বর, কোনো কিছু গিলতেও কষ্ট হচ্ছিল তার। দুই হাত, গলা, জিহ্বা ও পায়ুপথে ছিল আঘাতের চিহ্ন।
সুফিয়ান তার মাকে জানায়, রাতে কার্টুন দেখানোর কথা বলে ওই শিক্ষক তার হাতে একটি মোবাইল ফোন ধরিয়ে দেন। এরপর স্টোর রুমের মতো একটা জায়গায় টানা তিন রাত তাকে যৌন নির্যাতন করেন। এ সময় আবাসিক ভবনের সিসিটিভি ক্যামেরাটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন ওই শিক্ষক।
সুফিয়ানের মা বলেন, ‘ছেলেটা শুধু বলেছিল, “উনি খারাপ কিছু করেছেন”।’
কাউকে এই নির্যাতনের কথা জানালে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন ওই শিক্ষক। সুফিয়ান তার মাকে এ কথাও জানায়।
এরপর মা-বাবা মাদ্রাসার প্রতিষ্ঠাতার সঙ্গে কথা বলতে যান। তিনি ‘বড় হুজুর’ নামে পরিচিত। সেখানে গিয়ে তারা জানতে পারেন, কয়েক মাস ধরে আরও অন্তত চার শিশুকে নির্যাতনের অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
বড় হুজুর তাদের জানান, রাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে। প্রতিষ্ঠানের সুনাম রক্ষার কথা বলে তিনি বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করেন।
পরে অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতেও তিনি সহায়তা করেন বলে অভিযোগ রয়েছে।
নির্যাতিত শিশুদের পরিবারের চাপের মুখে পুলিশ বড় হুজুর ও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা গাছা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক মাদ্রাসার অন্তত দুই শিশুকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছেন।
সুফিয়ানের ঘটনা একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে। যেখানে শিশুদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেই এবং শিক্ষক নিয়োগও হয় অনেকটা অনানুষ্ঠানিকভাবে, সেখানে তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হচ্ছে?
কয়েকটি কওমি মাদ্রাসার শিক্ষক ও পরিচালকরাও স্বীকার করেছেন, শিক্ষক নিয়োগ এবং শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষার বিষয়ে তাদের প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক কোনো নীতিমালা নেই।
সম্প্রতি নেত্রকোণার একটি কওমি মাদ্রাসার ১২ বছর বয়সী শিক্ষার্থী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ধর্ষণের অভিযোগ ওঠে ওই মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে।
ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে ওই শিক্ষকের ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। গতকাল বুধবার একটি ট্রাইব্যুনাল ওই শিশুকে ধর্ষণের দায়ে মাহমুদীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে ছয়জন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
টঙ্গীতে সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়। এছাড়া জনরোষের মধ্যে সাভার, কুষ্টিয়া ও পাবনায় যৌন অপরাধের অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) শুধু অক্টোবর মাসেই মাদ্রাসায় নারী ও শিশুর ওপর সহিংসতার ২৯টি ঘটনা নথিভুক্ত করেছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পিস অবজারভেটরির (বিপিও) তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ধর্ষণের ১০৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার কয়েকটি ঘটেছে মাদ্রাসার আবাসিক ভবনে।
শৈশবে যৌন নির্যাতিত হওয়া ব্যক্তিদের অভিজ্ঞতা নাম প্রকাশ না করে জানানোর জন্য অনলাইন প্ল্যাটফর্ম আওয়াজ ডটবিডি। সেখানে গত দুই মাসে কওমি মাদ্রাসাসংশ্লিষ্ট অন্তত ৪৫টি অভিযোগ এসেছে।
ওই প্ল্যাটফর্মে দেওয়া বর্ণনাগুলোতে আবাসিক ও অনাবাসিক—দুই ধরনের মাদ্রাসায় নির্যাতনের একই রকম চিত্র উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা উপহার, টাকা ও ভয়ভীতি দেখিয়ে শিশুদের যৌন নির্যাতন করেছেন।
সামাজিক লজ্জা, ভয় এবং গোপনে অভিযোগ জানানোর ব্যবস্থা না থাকায় অনেক ভুক্তভোগীই নির্যাতনের কথা কাউকে জানাননি।
মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিবিধান থাকে। তবে কওমি মাদ্রাসাগুলোতে নিয়োগের প্রক্রিয়া অনেকটাই প্রতিষ্ঠানভিত্তিক ও বিকেন্দ্রীভূত।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অন্যদিকে বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়ম। এসব ব্যবস্থায় শিক্ষকদের যোগ্যতা যাচাই, নির্দিষ্ট পরীক্ষা ও পুলিশের মাধ্যমে তথ্য যাচাইয়ের বিধান রয়েছে।
কিন্তু কওমি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিষয়টি মূলত প্রতিষ্ঠাতা, পরিচালক বা পরিচালনা কমিটির নিয়ন্ত্রণে থাকে।
বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যক্তিগত পরিচয়, স্থানীয়ভাবে সুপারিশ এবং মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতেই সাধারণত শিক্ষক বাছাই করা হয়।
তাদের ভাষ্য, প্রার্থীর জীবনবৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা হয়। কখনো কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া হয় চারিত্রিক সনদ।
তবে কোনো প্রার্থীর আগের কর্মস্থলের তথ্য যাচাই বা তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে কি না, কিংবা শিশুদের সঙ্গে কাজ করার উপযুক্ত কি না, তা যাচাইয়ের জন্য পুরো কওমি মাদ্রাসা ব্যবস্থায় কার্যকর কোনো পদ্ধতি নেই।
সমস্যা শুধু শিক্ষক নিয়োগেই সীমাবদ্ধ নয়।
শিশুদের সুরক্ষায় নীতিমালা, নির্যাতনের ঘটনা জানানো বাধ্যতামূলক করা এবং স্বাধীনভাবে অভিযোগ জানানোর ব্যবস্থাও অধিকাংশ প্রতিষ্ঠানে নেই।
কওমি মাদ্রাসাগুলো সরাসরি সরকারি তদারকির বাইরে। অন্যদিকে মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিশু আইন, ২০১৩ এবং জাতীয় শিশু নীতি, ২০১১ মেনে চলতে হয়।
এছাড়া ২০০৯ সালের ১৪ মে হাইকোর্টের দেওয়া একটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য। ওই নির্দেশনায় সব সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছিল।
এরপর ২০১১ সালের জানুয়ারিতে হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের শারীরিক ও মানসিক শাস্তিকে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করেন।
তবে মাঠপর্যায়ে অনুসন্ধান এবং বেশ কয়েকজন মাদ্রাসাশিক্ষক ও কর্মীর সঙ্গে কথা বলে দেখা গেছে, কওমি মাদ্রাসাগুলোতে এসব নির্দেশনা সম্পর্কে সচেতনতা ও বাস্তবায়ন খুবই সীমিত। নির্যাতনের অভিযোগ উঠলে তা প্রতিষ্ঠানের ভেতরেই মীমাংসার চেষ্টা করা হয়। এ ক্ষেত্রে শিশুদের নিরাপত্তার চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
গত ২১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত কয়েকটি কওমি মাদ্রাসা ঘুরে দেখা গেছে, শিশুদের সুরক্ষায় কোনো লিখিত নীতিমালা বা ব্যবস্থা নেই।
এই প্রতিবেদক ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ভোলা, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও দিনাজপুরের আটটি কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন।
তাদের বেশিরভাগই যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠনের বিষয়ে ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনা সম্পর্কে জানেন না। কেউ কেউ সাধারণ পরিচালনা কমিটির কথা বলেছেন। তবে এসব কমিটিতে অভিযোগ তদন্তের নির্দিষ্ট পদ্ধতি, স্বাধীন তদারকি কিংবা নির্যাতন প্রতিরোধের সুস্পষ্ট ব্যবস্থা নেই।
গাজীপুরের ৭০ জন আবাসিক শিক্ষার্থীর একটি মাদ্রাসার পরিচালক মুফতি জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ঘুমানোর সময় শিক্ষার্থীদের বাতি জ্বালিয়ে রাখতে বলি।’
শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও অনানুষ্ঠানিক। কিশোরগঞ্জের কাসেমুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক নোমান আহমেদ বলেন, ‘শিক্ষক প্রয়োজন হলে আমরা স্থানীয় বোর্ডের কাছে আবেদন করি। তারা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী খুঁজে দিতে সহায়তা করে।’
তিনি বলেন, ‘তবে বিভিন্ন জেলায় কোনো শিক্ষকের আগের কর্মস্থলের ইতিহাস বা তার বিরুদ্ধে আইনি কোনো অভিযোগ আছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করার ব্যবস্থা আমাদের নেই।’
‘শিশুরাই সব’-এর আহ্বায়ক লায়লা খন্দকার বলেন, আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু শিক্ষা দেওয়া ও শিশুদের মৌলিক যত্ন নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়।
তিনি বলেন, ‘শিশুদের জন্য নিরাপদ, গোপনীয়তা রক্ষা করে এমন এবং স্বাধীনভাবে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকতে হবে।’
তার মতে, প্রতিটি প্রতিষ্ঠানে শিশু সুরক্ষার সুস্পষ্ট নীতিমালা, যথাযথ নিয়োগপ্রক্রিয়া, প্রশিক্ষিত কর্মী, স্বাধীন নজরদারি এবং জবাবদিহির কার্যকর ব্যবস্থা থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘নির্যাতনের ঘটনা ঘটার পর নয়, প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে তার আগেই।’
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম মনে করেন, শুধু প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনা ও নজরদারির ওপর নির্ভর করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘একটি দেশে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক ধরনের আইন থাকবে, আর অন্য প্রতিষ্ঠানগুলো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে থাকবে, এভাবে চলতে পারে না। কওমি মাদ্রাসাগুলোকে একটি অভিন্ন আইনি ও তদারকি কাঠামোর আওতায় আনতে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
যেসব শিশু নির্যাতিত হলেও তা জানাতে পারে না, তাদের সুরক্ষায় স্বাধীন নজরদারির ওপর গুরুত্ব দেন তিনি। শাহীন আনাম বলেন, ‘সরকার মাদ্রাসা পরিদর্শনের জন্য সমাজের বিশ্বস্ত নারী ও পুরুষদের নিয়োগ দিতে পারে। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডের সদস্যরাও এ দায়িত্ব পালন করতে পারেন।’
মাদ্রাসাগুলোতে নিয়মিত পরিদর্শন, তদারকি জোরদার এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে নির্দিষ্ট কর্মকর্তা নিয়োগের মাধ্যমে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
গত ১৪ জুলাই সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশে ছয়টি স্বতন্ত্র পরীক্ষা বোর্ডের অধীনে প্রায় ২৫ হাজার কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে।
তবে এসব প্রতিষ্ঠানের জন্য অভিন্ন প্রশাসনিক তদারকি ব্যবস্থা নেই।
কওমি মাদ্রাসাগুলোর সমন্বয়ের জন্য ২০১৭ সালে গঠিত সংবিধিবদ্ধ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ গত সেপ্টেম্বরে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করেছে।
পাশাপাশি শিক্ষার্থীদের সুরক্ষায় কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধিভুক্তি স্থগিত করা হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
দেশের বৃহত্তম কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মুসলেহ উদ্দিন রাজু স্বীকার করেছেন, শিক্ষকদের তথ্য যাচাইয়ের জন্য বোর্ডগুলোর এখনো কোনো অভিন্ন ডিজিটাল তথ্যভাণ্ডার নেই। তবে এ জন্য শিক্ষক নিবন্ধন সফটওয়্যার তৈরির কাজ চলছে।
হাইকোর্টের নির্দেশনা প্রসঙ্গে আল-হাইআতুল উলয়ার সদস্য রাজু বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বিষয়টি সহজ করতে সমন্বয়কারী সংস্থাটি ওই কাঠামোর আদলে সুরক্ষা কমিটি গঠনের ব্যবস্থা করেছে।
যোগাযোগ করা হলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব রাহাত মান্নান বলেন, শিক্ষক প্রশিক্ষণ, নিবন্ধন এবং মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয়ের বিষয়ে মন্ত্রণালয়ের সভাগুলোতে কওমি মাদ্রাসার প্রতিনিধিরা প্রায়ই উপস্থিত থাকেন না।
মাদ্রাসাগুলোর জবাবদিহি ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমাদের সরাসরি কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। তাহলে আমরা কী করতে পারি? কীভাবে সংস্কার করা হবে, তা নীতিনির্ধারকদেরই ঠিক করতে হবে।’
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সাম্প্রতিক ঘটনাগুলোকে ‘অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
গত ২৪ অক্টোবর সাংবাদিকদের তিনি বলেন, ‘এ বিষয়ে যা যা প্রয়োজন, আমরা করব।’ তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এ বিষয়ে জানতে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ধর্মমন্ত্রীর কাছে ই-মেইল, ফোন ও ম্যাসেজ পাঠানো হলেও তারা সাড়া দেননি।
