চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার ত্রিপক্ষীয় বৈঠকে একটি ‘শান্তি ঘোষণা’র বিষয়ে একমত হয়েছেন।
ঘোষণায় তিন নেতা জাতিসংঘের সংস্কারকাজ এগিয়ে নেওয়া, সব দেশের জন্য পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক আদালতগুলোতে রাষ্ট্রীয় শীর্ষ নেতাদের দায়মুক্তি সমুন্নত রাখার অঙ্গীকার করেন।
এ ঘোষণায় তারা পুনর্ব্যক্ত করেছেন, পারমাণবিক যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয়।
চীন ও রাশিয়ার পক্ষ থেকে এ ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করা হয় বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি হ্রদের পাশে সবুজ পাহাড়ে ঘেরা এক ভিলায় বৈঠক করেন তিন প্রেসিডেন্ট। তবে, কেউই তাৎক্ষণিক কোনো বিবৃতি দেননি এবং ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফেরার ফ্লাইটে রওনা হয়ে যান।
বিশ্বের পারমাণবিক শক্তিধর তিন দেশের নেতার এ বৈঠককে ঐতিহাসিক হিসেবে ধরা হচ্ছে।
বৈঠকের শুরুতে শি ও পুতিনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস গড়ছি। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হয়নি।’
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া ও রাশিয়ার সরকারি বার্তাসংস্থা তাস ‘শান্তি ঘোষণা’র কিছু দফার উল্লেখ করেছে।
সিনহুয়া জানায়, তিন রাষ্ট্রপ্রধান বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
তাদের প্রতিবেদনে ‘শান্তি ঘোষণা’র নথিতে একটি প্রস্তাবনা ও চারটি অনুচ্ছেদ আছে বলে জানানো হয়েছে। আর সিনহুয়ার প্রতিবেদনে চারটি দফা উল্লেখ করা হয়েছে।
দফাগুলো হলো:
১. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘে সংস্কার আনার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, যেন সংস্থাটি বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল লক্ষ্য অনুযায়ী কাজ করতে পারে।
২. এই তিন দেশ সব জাতির কল্যাণের লক্ষ্যে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। তারা জ্বালানি প্রবাহের স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।
৩. তিন রাষ্ট্রপ্রধান স্বীকার করেছেন যে, রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের দায়মুক্তি বজায় রাখার নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা একমত হয়েছেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালত বা এ ধরনের কোনো সংস্থারই তাদের এখতিয়ারের অপব্যবহার করা উচিত নয়।
৪. তিন রাষ্ট্রপ্রধান পুনর্ব্যক্ত করেছেন যে, পারমাণবিক যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়। পারমাণবিক ঝুঁকি হ্রাস এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে এই তিন দেশ।
ইউক্রেন যুদ্ধ নিয়ে মতপার্থক্য
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন, ইরান, পারমাণবিক অস্ত্র ও বাণিজ্য নিয়ে তিন দেশের মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে, যা এ বৈঠকের টেকসই ফলাফল নিয়ে সংশয় তৈরি করেছে।
পুতিন বলেন, ‘ইউক্রেন সংঘাতসহ আঞ্চলিক সংঘাতগুলো নিরসনে আমাদের তিন দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে।’
ট্রাম্প ও পুতিনের মতো শি জিনপিং ইউক্রেনের নাম সরাসরি উল্লেখ করেননি। তবে তিনি বলেন, ‘ইতিহাস আমাদের বলে যে বৃহৎ শক্তিগুলো যখন সম্প্রীতির মধ্যে থাকে, তখন বিশ্বে শান্তি বিরাজ করে। আর বৃহৎ শক্তিগুলো যখন সংঘাতে জড়ায়, তখন বিশ্ব অস্থিরতার মধ্যে পড়ে।’
ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে ব্যাহত তেল সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে তিনি ও শি জোরালোভাবে একমত পোষণ করেন। তবে শি তার কোনো বক্তব্যেই সরাসরি ইরানের নাম উল্লেখ করেননি।
সি বলেন, ‘চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত সংঘাতে লিপ্ত পক্ষগুলোকে আলোচনায় বসার জন্য উৎসাহিত করা এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তি করা।’
পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা
রয়টার্স জানায়, ওয়াশিংটন ও মস্কোর তুলনায় অনেক ছোট পারমাণবিক অস্ত্রভাণ্ডার বেইজিংয়ের। এর আগে চীন ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দিতে আপত্তি জানালেও ট্রাম্প শীর্ষ সম্মেলনে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকে কেন্দ্রীয় আলোচ্য বিষয় করার ওপর জোর দিয়েছেন।
বৈঠকের শুরুতে শি ও পুতিনকে ট্রাম্প বলেন, ‘এগুলো (পারমাণবিক অস্ত্র) ত্যাগ করা মোটেও সহজ কাজ নয়।’
যে ভিলায় তারা বৈঠক করেছেন সংবেদনশীল কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে সেটির দীর্ঘ ইতিহাস রয়েছে। আগে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইল, শি জিনপিংয়ের বাবা শি জংশুন এবং দালাই লামা এ ভিলায় বসেছেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প শীর্ষ সম্মেলনে তার আগমনকে কেন্দ্র করে আয়োজিত জাঁকজমকের বিষয়টি তুলে ধরেন।
শি জিনপিং নিজে বিমানবন্দরে গিয়ে ট্রাম্পকে স্বাগত জানান। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম তিনি সফররত কোনো নেতাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে তাদের সবশেষ সাক্ষাতের সময় ট্রাম্প তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন।
বিমানবন্দরের অভ্যর্থনাকে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ‘জয়’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি (শি) মহান প্রেসিডেন্ট, চীনের অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট এবং তিনি কখনোই কাউকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি। শুধু তাই নয়, এই জাঁকজমক, সৌন্দর্য, আড়ম্বর, হাজার হাজার মানুষ, ছোট শিশুরা, সেনারা—সবকিছুই অসাধারণ।’
