Homeস্পোর্টস‘সেঞ্চুরি না হলে চিরকুটটা পকেটেই থাকত’

‘সেঞ্চুরি না হলে চিরকুটটা পকেটেই থাকত’

সেঞ্চুরি করবেন, সেই বিশ্বাসটা ছিল আগের রাত থেকেই। তাই আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলেন একটি চিরকুট। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি না হলে কী করতেন লিটন দাস? চিরকুটটিরই বা কী হতো? এমন প্রশ্নের উত্তরে লিটন যা বললেন, তাতে মিশে থাকল আত্মবিশ্বাস আর এক বাবার ভালোবাসার গল্প।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিটি লিটনের কাছে এমনিতেই বিশেষ কিছু। তবে এর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি উপলক্ষ। আজ তার মেয়ের তৃতীয় জন্মদিন। বিশেষ এই দিনে মেয়ের পাশে থাকতে পারেননি বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান। তবে দূর থেকেই মেয়েকে দিয়েছেন বিশেষ এক উপহার। সেঞ্চুরিটি যে মেয়ের জন্যই করেছেন তিনি!

সেঞ্চুরির পর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সেই মুহূর্তটি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল লিটনকে। মেয়ের সঙ্গে তার সম্পর্ক আর আবেগের কথা জানতে চাইলে লিটন বলেন, ‘আজ আমার মেয়ের তিন বছর পূর্ণ হলো। আমি যখন ঘরে থাকি, সে প্রায়ই বলে, বাবা, আমার একটা সেঞ্চুরি চাই। তাই এই সেঞ্চুরিটা অবশ্যই ওর জন্য। ওকে খুব মিস করছি। বিশেষ করে আজ ওর জন্মদিন বলে আরও বেশি।’

মেয়েকে চমকে দেওয়ার ভাবনাটা কীভাবে এসেছিল, সেটিও জানিয়েছেন লিটন। আগের দিন ৯২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ার পর থেকেই বিষয়টি নিয়ে ভাবছিলেন তিনি। তবে চিরকুটের পরিকল্পনা তখনো মাথায় আসেনি।

লিটন বলেন, ‘যখন ৯২ রানে অপরাজিত ছিলাম, তখন রুমে ফিরে চিন্তা করছিলাম। আমার স্ত্রী ও মেয়ের সঙ্গে কথা হয়েছিল। আজ ওর জন্মদিন ছিল। তাই ভাবছিলাম, কীভাবে ওকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। তবে তখন এটা মাথায় আসেনি। সকালে মনে হলো, এ রকম কিছু করা যায় কি না।’

ভাবনাটা মাথায় আসার পর চিরকুটও তৈরি করে ফেলেন লিটন। কিন্তু তখনো তো সেঞ্চুরি হয়নি। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকলেও পরদিন আরও ৮ রান করতে হবে। ক্রিকেটে সেই ৮ রানও যে কত কঠিন হয়ে উঠতে পারে, তা অজানা নয় লিটনের।

তাহলে সেঞ্চুরি করার আগেই চিরকুট তৈরি করে রাখার আত্মবিশ্বাস পেলেন কোথা থেকে? আর সেঞ্চুরি করতে না পারলে সেটি দিয়ে কী করতেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘এটা আসলে আশা। ভবিষ্যৎ নিয়ে যখন ভাববেন, তখন ইতিবাচক কিছুই ভাববেন। আমি ভেবেছিলাম, এটা করব। শেষ পর্যন্ত করেছিও। আর যদি সেঞ্চুরি না হতো, তাহলে চিরকুটটা পকেটেই থেকে যেত।’

শুধু মেয়ের জন্মদিন বলেই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে এই সেঞ্চুরি লিটনের কাছে আরও একটি কারণে বিশেষ। দলের জন্য বড় কিছু করার ইচ্ছা ছিল তার। সেটি করতে পেরে স্বস্তিও পাচ্ছেন। লিটনের ভাষায়, ‘দক্ষিণ আফ্রিকায় দলের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম। একজন খেলোয়াড় হিসেবে আমার সেই ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত করতে পেরেছি। খুব ভালো লাগছে।’

তবে নিজের সেঞ্চুরি নিয়ে তৃপ্তি থাকলেও বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ নিয়ে কিছুটা আক্ষেপ আছে লিটনের, ‘আমার মনে হয়, আমরা ৫০-৬০ রান কম করেছি। আরও ১০-১৫ ওভার ব্যাট করতে পারলে সহজেই ৪৫০-৪৬০ রান করতে পারতাম। সেটা আমাদের জন্য ভালো হতো।’

লিটনের সেই আক্ষেপ অবশ্য ব্যক্তিগত অর্জনের আনন্দ ম্লান করতে পারছে না। হাজার মাইল দূরে থাকা তিন বছরের মেয়ের আবদার যে রাখতে পেরেছেন! আগের রাতে পকেটে রাখা চিরকুটটিও তাই আর পকেটে লুকিয়ে রাখতে হয়নি।
 

RELATED ARTICLES

Most Popular