১৯৮২ সালে অ্যালবামটি রিলিজ পেয়েছিল। রিলিজের কয়েক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে উঠে আসে অ্যালবামটি।
এ বছর হ্যালোইন মৌসুমে গানগুলো ব্যাপকভাবে স্ট্রিমিং হওয়া এবং নতুন করে বিভিন্ন সংস্করণে অ্যালবামটি প্রকাশের সুবাদে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ আবারও ওই চার্টের দুই নম্বরে উঠে এসেছে।
একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ বিষয়টি জানা গেছে।
১৪ নভেম্বর প্রকাশিত বিলবোর্ড চার্টে অ্যালবামটি ১৩ নম্বর থেকে উঠে দুই নম্বরে জায়গা করে নিয়েছে। ১৯৮৪ সালের ১৪ এপ্রিলের পর চার্টে এটিই অ্যালবামটির সর্বোচ্চ অবস্থান।
বিলবোর্ডের তথ্য অনুযায়ী, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত হিসাব করা সপ্তাহে ‘থ্রিলার’ অ্যালবামটি ৫৫ হাজার ইউনিট অর্জন করেছে, যা আগের হিসাবের তুলনায় ৮৯ শতাংশ বেশি। এর মধ্যে স্ট্রিমিং থেকে এসেছে ৩২ হাজার ইউনিট, গান বিক্রি থেকে ১ হাজার এবং ২২ হাজার ইউনিট এসেছে অ্যালবাম বিক্রি থেকে। এক সপ্তাহে অ্যালবামের গানগুলো মোট তিন কোটি ৪৩ লাখ ৪০ হাজার বার স্ট্রিম করা হয়েছে।
অ্যালবামের অন্যতম জনপ্রিয় গানটির নামও থ্রিলার। মূলত হ্যালোইন উৎসবকে ঘিরে ওই গানটির জনপ্রিয়তা এই উত্থানে ভূমিকা রেখেছে। রিলিজের সময়ই গানটির মিউজিক ভিডিও সবার নজর কেড়ে নিয়েছিল।
সম্প্রতি নতুন করে থ্রিলারের তিনটি ভিনাইল সংস্করণ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুটি রঙিন সংস্করণ রয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে একটি ক্যাসেট সংস্করণও। নতুন সংস্করণগুলোও অ্যালবামটির বিক্রি বাড়াতে ভূমিকা রেখেছে।
নতুন সংস্করণগুলো প্রকাশের পর ওই সপ্তাহে অ্যালবামটির বিক্রি দাঁড়ায় ২২ হাজার কপি, যা প্রায় চার বছরের মধ্যে এক সপ্তাহে সর্বোচ্চ বিক্রি।
এর মধ্যে ভিনাইল সংস্করণ বিক্রি হয়েছে ১৯ হাজার কপি।
১৯৯১ সালে লুমিনেট ইলেকট্রনিক পদ্ধতিতে বিক্রির হিসাব রাখা শুরু করার পর এটিই অ্যালবামটির ভিনাইল বিক্রির সবচেয়ে সফল সপ্তাহ।
এই উত্থানের মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর বিলবোর্ড ২০০ তে জ্যাকসনের সর্বোচ্চ অবস্থান নিশ্চিত হলো।
মৃত্যুর পর প্রকাশিত তার অ্যালবাম ‘এক্সস্কেপ’ ২০১৪ সালের মে মাসে অভিষেকের দিনই চার্টে দুই নম্বরে উঠে আসে।
২০০৯ সালের জুনে জ্যাকসনের মৃত্যুর পর থেকে প্রতি বছরই বিলবোর্ড ২০০ চার্টে অন্তত একবার হলেও জায়গা পেয়েছে ‘থ্রিলার’।
গায়কের প্রতি নতুন করে তৈরি হওয়া আগ্রহও অ্যালবামটির চার্টে অবস্থান ধরে রাখতে ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে তার জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেলের’ সাফল্য। চলচ্চিত্রটি সাম্প্রতিক সময়ে অ্যালবামটিকে চার্টের শীর্ষ ২০ এ উঠে আসতে সহায়তা করেছে।
