Homeসারাদেশতল্লাশিকালে কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২, আহত ২

তল্লাশিকালে কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২, আহত ২

গাজীপুরের কালীগঞ্জে তল্লাশিকালে কাভার্ড ভ্যানচাপায় পুলিশের এক এসআইসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ শুক্রবার ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ডিউটি অফিসার মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—কালীগঞ্জ থানার উপপরিদর্শকসহ (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া এলাকার রফিক মোল্লা (৪৫)।

আহতরা হলেন—এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় টহল অভিযানে যান। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে তারা তল্লাশি করছিলেন। হঠাৎ ঘোড়াশালমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ৪ জন আহত হন।’

পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে এসআই মিজানুরকে  কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান আশরাফুল ইসলাম।

RELATED ARTICLES

Most Popular