পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বাগেরহাটের রামপাল উপজেলায় ৪৪২ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
নবায়নযোগ্য জ্বালানির দ্রুত প্রসারের দাবিতে আজ শুক্রবার মোংলার নারিকেলতলা মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই!’—স্লোগানে সমাবেশটির আয়োজন করে ধরিত্রী রক্ষা আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার।
মঞ্জু বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশের জ্বালানি চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, ‘সৌরবিদ্যুতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্কুল ও কলেজসহ সরকারি ভবনগুলোতে সোলার প্যানেল স্থাপনের জন্য সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার হলে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বিদ্যুৎখাতের আর্থিক চাপ কমবে। একইসঙ্গে জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন ধরার কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মাধ্যমে সম্প্রতি রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান এবং এ সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ দেন।
তবে সুন্দরবন রক্ষায় সরকারের সামগ্রিক ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আশা করি, সরকার শিগগির রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পাশাপাশি আকমল পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও পাইপলাইন প্রকল্প বাতিল করবে।’
সুন্দরবন সংরক্ষণে বিজ্ঞানভিত্তিক ও অংশগ্রহণমূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশের বক্তব্য রাখেন গবেষক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর মোহাম্মদ আলী; রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ; মোংলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী; উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার এবং সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
আরও বক্তব্য দেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক, কৃষক নেতা বদরুল আলম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, সচেতন ফাউন্ডেশনের মো. হাবিবুর রহমান, মিশন গ্রিন বাংলাদেশের আহসান রনিসহ আরও কয়েকটি সংগঠনের প্রতিনিধি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়ক মো. নূর আলম শেখ।
তিনি বলেন, ‘সুন্দরবনের ওপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কায় দেশের বিভিন্ন এলাকার মানুষ রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করেছিলেন। কিন্তু, তারপরও আওয়ামী লীগ সরকার প্রকল্পটি বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়েছিল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত সুন্দরবন এবং বৃহত্তর প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হতে পারে এমন প্রকল্প থেকে বর্তমান সরকার বিরত থাকবে বলে আমরা আশা করি।’
বাংলাদেশের জ্বালানি রূপান্তরকে পরিবেশবান্ধব, ন্যায়সংগত, জনকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান তিনি।
পরিবেশ সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের গুরুত্ব তুলে ধরে বাঘের অভিনয়, পুতুলনাচ, বাউলগান ও গাজীর গানের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হয়।
