Homeসারাদেশন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর-১২ নম্বর সেকশন এলাকায় পূরবী সিনেমা হল, সিটি ক্লাব মাঠ ও আশপাশের এলাকার ২৫ থেকে ৩০টি পোশাক কারখানার শ্রমিকেরা প্রধান সড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে মিরপুর-১২ থেকে মিরপুর-১০ ও কালশীমুখী সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দৈনন্দিন খরচ মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। মিরপুরের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ শ্রমিকরা বিক্ষোভে অংশ নেন।

এক নারী শ্রমিক বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেশি। শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়।’

পোশাকশ্রমিক আনিসুর রহমান বলেন, ‘প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করি। মাসে পাই মাত্র ১৫ হাজার টাকা।’

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের কারণে তাদের আর্থিক সংকট আরও বেড়েছে। ঢাকায় মৌলিক চাহিদা মেটানো তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

আরেক নারী শ্রমিক বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা আসার পর তাদের বাসা ভাড়া বেড়েছে।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, কারখানার মালিকরা যথাযথ কারণ ছাড়াই কর্মীদের ছাঁটাই করছেন।

এ ধরনের অনিশ্চয়তা দূর করতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা আরও প্রশ্ন তোলেন, দিনে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ শেষে বাসায় ফিরে দেখি গ্যাস নাই! গ্যাস না পেলে আমরা কীভাবে রান্না করব?

এর মধ্যে অল্প সময়ের জন্য বৃষ্টি নামে। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। তবে তারা কর্মসূচিতে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি; প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তারা সেখানেই অবস্থান করছিলেন।

RELATED ARTICLES

Most Popular