আইপিএলের আগামী ২০২৭ সালের আসর সামনে রেখে বড়সড় ‘ট্রেড’ সম্পন্ন করেছে দুই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। পাঞ্জাব ছেড়ে ভারতের বাঁহাতি পেসার অর্শদীপ সিং যাচ্ছেন মুম্বাইয়ে। বিপরীতে, মুম্বাই থেকে পাঞ্জাবে যোগ দিচ্ছেন তার স্বদেশি তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
বুধবার আইপিএলের এক বিবৃতিতে দুই দলের এই খেলোয়াড় অদলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চুক্তি অনুযায়ী, হার্দিককে পেতে পাঞ্জাব খরচ করবে ১৮ কোটি রুপি। মুম্বাইয়ে তার আগের পারিশ্রমিক ছিল ১৬ কোটি ৩৫ লাখ রুপি। অন্যদিকে, অর্শদীপ মুম্বাইয়ে যোগ দিচ্ছেন তার আগের পারিশ্রমিক ১৮ কোটি রুপিতেই।
The trade confirmation you have been waiting for is HERE!
Two marquee #TeamIndia stars, two franchise and a blockbuster trade
Hardik Pandya heads to @PunjabKingsIPL and Arshdeep Singh moves to @mipaltan.
Hardik will join #PBKS at a revised fee of INR 18 crore, up from… pic.twitter.com/LMcYMjnScF
অর্শদীপের আগমনে মুম্বাইয়ের পেস আক্রমণে ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরাহর সঙ্গে গড়ে উঠতে পারে দুর্দান্ত জুটি। অন্যদিকে, হার্দিককে পেয়ে নিজেদের অলরাউন্ডার বিভাগ শক্তিশালী করার সুযোগ পাচ্ছে পাঞ্জাব। তবে তার বিদায়ে নতুন মৌসুমের আগে অধিনায়ক খুঁজতে হবে মুম্বাইকে।
২০২৪ সাল থেকে টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অধিনায়কত্ব করেছেন হার্দিক। তার নেতৃত্বে ৩৯টি ম্যাচ খেলে ১৫টি জয় ও ২৪টি হার দেখেছে দলটি। ২০২৪ সালের আইপিএলে পয়েন্ট তালিকার তলানিতে থাকা মুম্বাই পরের মৌসুমে প্লে-অফে উঠলেও সবশেষ ২০২৬ সালের আসর শেষ করে নবম স্থানে।
আইপিএলে এটি হার্দিকের তৃতীয় দল। ২০১৫ সালে মুম্বাইয়ের হয়ে অভিষেকের পর ২০২২ সালে গুজরাট টাইটান্সে যোগ দেন তিনি। সেখানে দুই মৌসুম অধিনায়কত্ব করার পর ২০২৪ সালে আবার মুম্বাইয়ে ফেরেন। এই টুর্নামেন্টে পাঁচবার শিরোপা জিতেছেন হার্দিক— মুম্বাইয়ের হয়ে চারবার ও গুজরাটের হয়ে একবার।
অন্যদিকে, ২০১৯ সালে আইপিএল অভিষেকের পর থেকে পাঞ্জাবের হয়ে খেলেছেন অর্শদীপ। আট মৌসুমে ৯৬টি ম্যাচে তার শিকার ১১১টি উইকেট। আইপিএলে পাঞ্জাবের ১৯ বছরের ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড তার দখলে।
এদিকে, হার্দিকের বিদায়ের আগে থেকেই মুম্বাইয়ের কোচিং স্টাফে পরিবর্তন এসেছে। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কাইরন পোলার্ড। ব্যাটিং কোচ হিসেবে রবিন উথাপ্পা, বোলিং কোচ হিসেবে মিচেল ম্যাকক্লেনাঘান ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন টি দিলীপ।
