ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে শেষ দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছে কিউইরা। সেই আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে নামার প্রস্তুতি নিচ্ছিল স্বাগতিকরা। কিন্তু সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল মিচেল স্যান্টনারের দল। চোটের কারণে পাঁচ ম্যাচের পুরো ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। সেই সঙ্গে অভিজ্ঞ পেসার ম্যাট হেনরির খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
আগামী বুধবার অকল্যান্ডে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে সোমবার নিউজিল্যান্ড ক্রিকেট আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় এই সিরিজে খেলতে পারবেন না চ্যাপম্যান ও রাচিন। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি দুজনের কেউই।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান চ্যাপম্যান। সম্প্রতি এমআরআই পরীক্ষার পর জানা গেছে, পুরোপুরি সুস্থ হতে তার আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। ফলে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না এই বাঁহাতি ব্যাটসম্যানের।
অন্যদিকে রাচিনের চোটের ঘটনাটি কিছুটা অস্বাভাবিক। মাঠে কোনো ম্যাচ খেলতে গিয়ে নয়, একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সময় ডান কাঁধের সংযোগস্থল সরে যায় নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের। চোটের পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকলেও এখনও পুরোপুরি সুস্থ হননি রাচিন। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছেন না তিনি।
চলতি মাসের শেষ দিকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে নিউজিল্যান্ডের। তাই রাচিনকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দলটির টিম ম্যানেজমেন্ট।
দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে হতাশ নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার, ‘মার্ক ও রাচিন আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। তাই এই সিরিজে ওদের না পাওয়াটা সত্যিই হতাশাজনক।’
চ্যাপম্যানের শারীরিক অবস্থার কথা জানিয়ে ওয়াল্টার বলেন, ‘গত সপ্তাহে মার্কের সঙ্গে আমার কথা হয়েছে। খেলতে না পারায় সে হতাশ, তবে মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে।’
রাচিনের ক্ষেত্রে কেন তাড়াহুড়া করতে চান না, সেটিও ব্যাখ্যা করেছেন কিউই কোচ, ‘রাচিনের কাঁধ এখনও এমন অবস্থায় পৌঁছায়নি যে সে সীমিত ওভারের ক্রিকেটে স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করতে পারবে। এই মাসের শেষেই টেস্ট সিরিজ আছে। তাই আমরা অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে চাই না।’
চ্যাপম্যান ও রাচিনের অনুপস্থিতিতে ব্যাটিং বিভাগের শক্তি বাড়াতে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ বলে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা টিম সাইফার্টকে পুরো ওয়ানডে সিরিজের জন্য দলে রাখা হয়েছে। আগে শুধু শেষ দুই ম্যাচের দলে ছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
প্রথম তিন ওয়ানডের জন্য দলে ফিরেছেন হেনরি নিকোলস। সর্বশেষ ফোর্ড ট্রফিতে ওয়েলিংটনের বিপক্ষে ক্যান্টারবেরির হয়ে ১১৯ রানের ইনিংস খেলেছেন তিনি। সেটি ছিল তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।
শেষ দুই ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার ডিন ফক্সক্রফটকে। পেসার ম্যাট ফিশারকেও সিরিজের শুরু থেকে দলের সঙ্গে রাখা হচ্ছে। এদিকে ম্যাট হেনরিকে নিয়েও কিছুটা দুশ্চিন্তা রয়েছে নিউজিল্যান্ডের। ডান ঊরুর মাংসপেশিতে চোট পাওয়ায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে খেলতে পারেননি এই পেসার।
