কাতারে অনুষ্ঠেয় ২০২৬ রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান ও আফিফ হোসেনসহ জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন একঝাঁক ক্রিকেটার।
মঙ্গলবার ঘোষিত ১৯ সদস্যের স্কোয়াডে আরও আছেন নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল ও রকিবুল হাসান। তারা সবাই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন।
দলে থাকা মাত্র সাতজন এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। তারা হলেন ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
কাতারে আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাইজিং স্টার্স এশিয়া কাপের এবারের আসর চলবে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ‘এ’ দল অংশ নিলেও হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মূল দল খেলবে।
‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষরা হলো আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে আরব আমিরাত ও নেপাল। ম্যাচগুলো হবে দোহার দুটিতে ভেন্যুতে— ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ডব্লিউইআইসিএস) ও ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) মাঠে।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
* ১৯ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম হংকং (দুপুর ১২টা, ইউডিএসটি)
* ২১ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’ (বিকাল ৪টা, ডব্লিউইআইসিএস)
* ২৩ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ (বিকাল ৪টা, ডব্লিউইআইসিএস)
রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
সাব্বির রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ সাইফউদ্দিন, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, রিপন মন্ডল, রকিবুল হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, মোহাম্মদ রুবেল, ইকবাল হোসেন ইমন, এস এম মেহেরব ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
