নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও পর্যালোচনার জন্য স্বাধীন কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁচ সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিসিবির অ্যাডহক কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার রাশনা ইমামকে।
কমিটির অন্য তিন সদস্য হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। পঞ্চম সদস্য হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেটার। তবে তার নাম এখনও ঘোষণা করা হয়নি। কমিটির সচিবের দায়িত্ব পালন করবেন চন্দ্রা ব্যানার্জি।
বুধবার (৪ নভেম্বর) দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, ‘রুবাবা দৌলার নেতৃত্বাধীন তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করেছিল। এর মধ্যে একটি ছিল বিসিবিতে অভিযোগ গ্রহণের জন্য আলাদা কমিটি গঠন করা। সেই কমিটির প্রধান থাকবেন রাশনা ইমাম। সদস্য হিসেবে একজন সাবেক ক্রিকেটারকেও রাখা হবে।’
বিসিবির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত এড়াতেই কমিটিতে বোর্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি। নারী ক্রিকেটাররা যাতে কোনো ধরনের চাপের আশঙ্কা ছাড়াই নিজেদের অভিযোগ জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।
গত বছরের নভেম্বরে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম দলের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। সেই অভিযোগের পরই বিষয়টি তদন্তে কমিটি গঠন করে বিসিবি। পরবর্তী সময়ে আরও কয়েকজন নারী ক্রিকেটার ও দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেদের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেন।
ওই সময়ই নারী ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের দেওয়া নির্দেশনার আলোকে যৌন হয়রানির অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য পৃথক কমিটি গঠনের কথাও জানিয়েছিল বোর্ড।
তৎকালীন বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এবার নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে বিসিবির অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রাশনা ইমাম। সে সময় বোর্ডের নারী বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি।
