২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ছয় দলের এই টুর্নামেন্টের গ্রুপ ‘বি’-এর লড়াইয়ে জয় পেয়েছে দ্বিতীয় সারির দল নিয়ে আসা ভারতীয়রা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ভারত। দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ করেন ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড সুহাইল আহমেদ ভাট। ম্যাচের ১৪তম ও ২০তম মিনিটে পরপর দুই গোল করে দলকে ২-০ স্কোরলাইনে এগিয়ে নেন কলকাতা মোহনবাগানের এই খেলোয়াড়।
এরপর ৩২তম মিনিটে পাঞ্জাব এফসির ফরোয়ার্ড মাংলেনথাং কিপগেন ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন। এতে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কোচ নওশাদ মুসার দল। পাশাপাশি খেলার পুরো নিয়ন্ত্রণ নিয়ে অনায়াস জয়ের সুবাস পাচ্ছিল তারা।
তবে বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফেরার সুযোগ পায় পাকিস্তান। দুই মিনিট পর পেনাল্টি আদায় করে নেয় তারা। তবে স্পট-কিক থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি সিটি ক্লাবের হয়ে বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) নিয়মিত গোল করা শায়েক দোস্ত। তার নেওয়া শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
ম্যাচের ফল যখন প্রায় নির্ধারিত, তখন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুটি গোল করে ব্যবধান কমায় পাকিস্তান। নাজিব উল্লাহ ও অধিনায়ক আলমগীর গাজী তিন মিনিটের মধ্যে জাল কাঁপান। তবে তা হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।
এই ম্যাচের আগে ঢাকায় একটি অনুশীলন সেশনও করতে পারেনি কোচ নলবার্তো সোলানোর পাকিস্তান দল। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আগামী রোববার একই ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে তারা।
বিভিন্ন দেশের ঘরোয়া লিগ চলমান থাকায় ভারত ও পাকিস্তান কোনো দলই পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারেনি। ভারতের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার এখনো ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে হয়েছে তাদেরকে। অন্যদিকে, ইউরোপে খেলা অধিকাংশ প্রবাসী ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে পাকিস্তানকে। আগামী সোমবার ফিফা আন্তর্জাতিক বিরতি শুরু হলে পূর্ণাঙ্গ দল হাতে পাবে পাকিস্তান।
