Homeসারাদেশদুই ভাইয়ের ঝগড়া থেকে ছুরিকাঘাতে বড় ভাই নিহত

দুই ভাইয়ের ঝগড়া থেকে ছুরিকাঘাতে বড় ভাই নিহত

রাজধানীর শান্তিবাগে নিজেদের বাসায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। নিহত যুবকের নাম সাইফুল ইসলাম ওরফে সাইফ (২৩)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহানপুরের শান্তিবাগে একটি বহুতল ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে। সাইফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফের বাবা সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় তার দুই ছেলে ও স্ত্রী ছিলেন। দুই ভাই ঝগড়া থেকে মারামারি শুরু করে। এ সময় তার ১৭ বছর বয়সী ছোট ছেলে বড় ভাই সাইফকে ছুরিকাঘাত করে। সাইফকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম জানান, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সাইফ। তাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল। প্রাইভেট পাইলট হিসেবে তিনি প্রশিক্ষণও নিচ্ছিলেন।

তবে ঠিক কী নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল, তা তিনি জানাতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানার পুলিশ তদন্ত করছে।

RELATED ARTICLES

Most Popular