Homeসারাদেশপার্বত্য মন্ত্রণালয়ে আ.লীগ ও অন্তর্বর্তী আমলের দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি

পার্বত্য মন্ত্রণালয়ে আ.লীগ ও অন্তর্বর্তী আমলের দুর্নীতির তথ্য চায় সংসদীয় কমিটি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তরগুলোতে বিগত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকার এবং অন্তর্বর্তী সরকারের আমলে কোনো অনিয়ম, দুর্নীতি হয়ে থাকলে তার বিস্তারিত বিবরণ এবং নেওয়া পদক্ষেপ পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা।

কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, কমিটির সদস্য ও সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মাছুম মোস্তফা বৈঠকে অংশ নেন।

মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন দপ্তরে যে শূন্য পদ আছে এবং শূন্য পদ পূরণে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এ ছাড়া সাজেক ইস্যুতে সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্তদের বিষয়ে মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে, তা আগামী বৈঠকে জানানোর জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পাড়াকর্মীদের হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশও করে কমিটি।

আগামী ডিসেম্বরে তিন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক ও পরিদর্শন করবে মর্মে সিদ্ধান্ত নেয় পার্বত্য চট্টগ্রামবিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবারের বৈঠকে চলতি অর্থ বছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্য শস্য বরাদ্দে অনিয়ম, ব্যয় পরিকল্পনা ও বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম নিতে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular