ব্যাটম্যানের সিনেমায় দেখা সেই বিশেষ মোটরসাইকেলটি এবার কেনার সুযোগ হচ্ছে। তবে এজন্য গুনতে হবে বড় অঙ্কের অর্থ। নিলামে মোটরসাইকেলটির দাম সর্বোচ্চ ৯ লাখ পাউন্ড বা প্রায় ১২ লাখ ডলার উঠতে পারে বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।
‘ব্যাটপড’ নামে পরিচিত এই মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (২০১২) সিনেমায়। দুটি সিনেমাতেই ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছেন ক্রিশ্চিয়ান বেল। মোটরসাইকেলটি নিলামে তুলছে নিলাম প্রতিষ্ঠান প্রপস্টোর।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা স্টিফেন লেন বৃহস্পতিবার সিএনএনকে বলেন, ব্যাটপড অসাধারণ একটি যান। ‘দ্য বিস্ট’ নামেও পরিচিত মোটরসাইকেলটি নকশা করেছিলেন পরিচালক নোলান ও প্রোডাকশন ডিজাইনার নাথান ক্রাউলি। পরে অস্কারজয়ী ভিজ্যুয়াল ইফেক্টস বিশেষজ্ঞ ক্রিস করভোল সেটিকে বাস্তবে রূপ দেন।
লেনের ভাষায়, মোটরসাইকেলটি প্রকৌশলবিদ্যার দারুণ এক উদাহরণ। কারণ, সিনেমার শুটিংয়ের সময় এটি বাস্তবেই চালানো সম্ভব হয়েছিল। এতে রয়েছে ৭৫০ সিসির হোন্ডা ইঞ্জিন এবং ৩১ ইঞ্চি ব্যাসের বিশাল টায়ার।
তবে মোটরসাইকেলটি চালানো মোটেও সহজ ছিল না। অভিনেতা ও স্টান্টশিল্পীদের জন্য এটি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন ছিল বলে জানান লেন। এমনকি কয়েকবার চালকের নিয়ন্ত্রণ হারানোর ঘটনাও ঘটেছে। একবার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্যামেরায় ধাক্কা দেয়। সেই ঘটনার ভিডিওও রয়েছে।
ব্যাটপড মোটরসাইকেল তৈরি করা হয়েছিল মোট ছয়টি। তবে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও আনুষ্ঠানিকভাবে বিক্রির অনুমতি দিয়েছে মাত্র একটিকে। নিলামে উঠতে যাওয়া মোটরসাইকেলটিই সেটি।

লেনের মতে, ব্যতিক্রমী নকশা ও সিনেমার সঙ্গে সম্পর্কের কারণে এ ধরনের যান সংগ্রাহকদের কাছে খুবই আকর্ষণীয়। তার ধারণা, সিনেমার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ও নজরকাড়া যানগুলোর একটি ব্যাটপড।
বৃহস্পতিবার থেকে অনলাইনে নিলামে অংশ নেওয়ার সুযোগ শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর লন্ডনে সরাসরি নিলামের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
ব্যাটপডের পাশাপাশি নিলামে উঠছে সিনেমার আরও কয়েকশ স্মারক। এর মধ্যে রয়েছে দুটি ব্যাটস্যুট। একটি ২০০৫ সালের ‘ব্যাটম্যান বিগিনস’ সিনেমায় ক্রিশ্চিয়ান বেল পরেছিলেন। অন্যটি ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় পরেছিলেন ভ্যাল কিলমার।

এ ছাড়া, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অব ডুম’ (১৯৮৪) ও ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ (১৯৮৯) সিনেমায় স্টান্টশিল্পী ভিক আর্মস্ট্রংয়ের ব্যবহৃত টুপি ও শার্ট এবং ‘গেম অব থ্রোনস’ সিরিজে জন স্নো চরিত্রের ব্যবহৃত তলোয়ারও নিলামে উঠছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিলামে রয়েছে ফ্রেডি ক্রুগারের বিখ্যাত হাতের দস্তানাও। নিলাম শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই এর সংরক্ষিত মূল্য ২৫ হাজার পাউন্ড বা প্রায় ৩৪ হাজার ডলার উঠে গেছে।
এই নিলামের ১০০টির বেশি স্মারক ১৯ থেকে ২২ নভেম্বর লন্ডনের কাম্বারল্যান্ড হোটেলে প্রদর্শন করা হবে।
