Homeসারাদেশসরকার বদলালেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসেনি: ত্বকীর বাবা

সরকার বদলালেও বিচার ব্যবস্থায় পরিবর্তন আসেনি: ত্বকীর বাবা

নারায়ণগঞ্জে কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১৪ বছর হতে চললেও বিচারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পিতা রফিউর রাব্বি।

আজ রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে আয়োজিত আলোক প্রজ্বলন কর্মসূচিতে তিনি বলেন, ‘সরকার বদল হলেও বিচার ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এখনো শেখ হাসিনার ধ্বংস করে রেখে যাওয়া বিচার ব্যবস্থার ধারাবাহিকতা চলছে।’

বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমতা নির্বিঘ্ন করার জন্য ইতোপূর্বে সব সরকারই বিচার ব্যবস্থাকে হাতিয়ার করেছে, এখনো তাই চলছে।’

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬৪ মাস উপলক্ষে প্রতি মাসের ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

এ হত্যাকাণ্ডের জন্য সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে রফিউর রাব্বি বলেন, ‘ওসমান পরিবারকে রক্ষা করার জন্য শেখ হাসিনা এ হত্যার বিচার সাড়ে ১১ বছর বন্ধ করে রেখেছিল। কিন্তু এখন বিচার হচ্ছে না কেন? অভিযোগপত্র জমা পড়ছে না কেন? তবে কি এই সরকারেরও কেউ কেউ তাদের রক্ষা করতে চাচ্ছে?’

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির লোকজন ওসমান পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠানের সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা মনে করছি এসব লোকজনই অর্থের বিনিময়ে ত্বকী হত্যার বিচার বাধাগ্রস্ত করছে।’

কর্মসূচিতে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়নি। অপরাধ সংঘটনের পর অপরাধী যখন বিচারের আওতায় না আসে, তখন সে অপরাধীই রাষ্ট্রের শাসক হয়ে ওঠে। ত্বকীর ক্ষেত্রেও তাই ঘটেছে।’

ত্বকীকে ‘শহীদ’ উল্লেখ করে এমপি আরও বলেন, ‘ত্বকী আমাদের প্রজন্মের নাগরিক। ১৩ বছরেও তার হত্যাকাণ্ডের বিচার না হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি একটি রাষ্ট্রের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করে। আমরা ত্বকী, চব্বিশের অভ্যুত্থানে নিহত রিয়া গোপসহ সব হত্যাকাণ্ডের বিচার চাই।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু প্রমুখ।

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular