দক্ষিণ আফ্রিকার মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নতুন মুখ ২২ বছর বয়সী ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলাম। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহ বিভাগের হয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। এছাড়া, দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও ডানহাতি পেসার খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকার উইকেট ও কন্ডিশন বিবেচনায় নিয়ে সোমবার ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে পেসার রাখা হয়েছে পাঁচজন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকা তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন জায়গা ধরে রেখেছেন। তবে চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা গতিময় ডানহাতি পেসার নাহিদ রানা প্রোটিয়াদের বিপক্ষেও খেলতে পারছেন না।
বাংলাদেশের চলমান সিলেট টেস্টে গোড়ালিতে চোট পাওয়ায় অনুমিতভাবেই দলে নেই বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। রাখা হয়নি অফ স্পিনার নাঈম হাসানকেও। আর ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলার সুযোগ না পেয়েই বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান। অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক কনকাশন প্রটোকল অনুসারে সিলেট টেস্টে খেলতে না পারায় অমিতকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মুমিনুল ফিরেছেন দক্ষিণ আফ্রিকা সফরের দলে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে সেঞ্চুরিয়নে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
বিস্তারিত আসছে…
