ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৯টি অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শুরু হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আজিমপুর সরকারি কোয়ার্টার প্রাঙ্গণে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম এ অভিযানের উদ্বোধন করেন।
তিনি জানান, ডেঙ্গুর ঝুঁকি ও এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করতে গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে ১২ দিনব্যাপী ‘বর্ষাকালীন এডিস লার্ভা জরিপ ২০২৬’ পরিচালনা করা হয়েছিল।
জরিপে মোট দুই হাজার ২৫০টি বাড়ি পরিদর্শন করা হয়। এর মধ্যে ৩২২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। শনাক্ত হওয়া লার্ভা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং প্রয়োজনীয় লার্ভিসাইডিং কার্যক্রম চালানো হয়।
ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার ৩৬ কর্মী ‘কোবো টুলবক্স’ অ্যাপ ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন।
জরিপের ফলাফলের ভিত্তিতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ডকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’, ২৮টি ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ১৮টি ‘সাধারণ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জরিপে দেখা যায়, বহুতল ভবন, আধাপাকা বাড়ি, একক বাড়ি, নির্মাণাধীন ভবন এবং পরিত্যক্ত প্লটে জমে থাকা পানি এডিস মশার বংশবৃদ্ধির অন্যতম প্রধান উৎস।
জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে ২৯টি অধিক ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে একযোগে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—লার্ভা নিধন, পূর্ণাঙ্গ মশা নিধন কার্যক্রম, মশার প্রজননস্থল ধ্বংস, ড্রেন, খাল পরিষ্কার এবং বর্জ্য অপসারণ।
এ ছাড়া, মাইকিং, লিফলেট বিতরণ এবং মসজিদের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়গুলোতেও পরিচালিত হবে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।
পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় ও যৌথ অভিযান পরিচালনার কথাও জানিয়েছে ডিএসসিসি।
ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানান, এসব প্রচেষ্টার পরও যদি কোথাও এডিস মশার লার্ভা পাওয়া যায়, তবে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের একক চেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। সরকারি সংস্থাগুলোর পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। সবাইকে নিজ নিজ ঘরবাড়ি, ছাদ, বারান্দা, আঙিনা ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। অন্তত সপ্তাহে একবার জমানো পানি ফেলে দেওয়া এবং সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের অভ্যাস গড়ে তুলতে হবে।
জরিপের তথ্য উল্লেখ করে তিনি আরও জানান, লার্ভার ১৪ দশমিক ২১ শতাংশ পাওয়া গেছে প্লাস্টিকের বালতিতে, ১১ দশমিক ২২ শতাংশ প্লাস্টিকের ড্রামে, ৯ দশমিক ৯৮ শতাংশ বেইজমেন্টে জমে থাকা পানিতে, ৯ দশমিক ২৩ শতাংশ প্লাস্টিকের মগে এবং ৫ দশমিক ৯৯ শতাংশ ফুলের টবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকেরা যদি তাদের বাড়িঘরের আঙিনা ও পানি জমে থাকার পাত্রগুলোর বিষয়ে সচেতন থাকেন, তবে এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গুর প্রাথমিক ঝুঁকি প্রায় অর্ধেকেরও বেশি প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, বাড়তি সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমানো সম্ভব।
