Homeস্পোর্টসসেমিতে ভারত-পাকিস্তান যেই আসুক, ভাবছে না বাংলাদেশ

সেমিতে ভারত-পাকিস্তান যেই আসুক, ভাবছে না বাংলাদেশ

সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গেছে এক ম্যাচ হাতে রেখেই। এখন বাংলাদেশের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে শেষ চারের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হবে, নাকি পাকিস্তানের? দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে কাকে প্রতিপক্ষ হিসেবে পেতে চাইবে বাংলাদেশ? অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ অবশ্য এসব নিয়ে ভাবতেই নারাজ। তার কাছে ভারত কিংবা পাকিস্তান, কোনো দলই আলাদা নয়। প্রতিপক্ষ যেই হোক, তাদের হারিয়েই ফাইনালে যেতে চায় স্বাগতিকরা।

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কার সঙ্গে ভুটানের ড্রয়ে এক ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে সেমিফাইনাল। এবার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টমাস ডুলির দল।

এই ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সেক্ষেত্রে সেমিফাইনালে প্রতিপক্ষ কে হবে, তা নিয়েও চলছে হিসাব-নিকাশ। তবে বিশ্বনাথের কাছে প্রতিপক্ষের নামের চেয়ে বড় বিষয় শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া।

দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে সেমিফাইনালে ভারত কিংবা পাকিস্তানের মধ্যে কোনো দলকে বিশেষভাবে প্রতিপক্ষ হিসেবে চান কি না, এমন প্রশ্নের জবাবে বিশ্বনাথ বলেছেন, ‘না। আমাদের সামনে যে দলই আসুক, সবাই সমান প্রতিপক্ষ। ভারত হোক কিংবা পাকিস্তান, সেমিফাইনালের বাধা আমাদের পেরোতেই হবে। আমাদের প্রধান লক্ষ্য শিরোপার লড়াইয়ে টিকে থাকা এবং ট্রফিটা দেশের মাটিতেই রেখে দেওয়া।’

শুধু সেমিফাইনালে ওঠাতেই সন্তুষ্ট থাকতে চান না বিশ্বনাথ। তার চোখ আরও বড় লক্ষ্যে। দলের সবার মধ্যে সেই আত্মবিশ্বাসও দেখতে পাচ্ছেন অভিজ্ঞ এই ফুটবলার। বলেছেন, ‘সবাই ভালো আছে। মানসিকভাবে সবাই চাঙা, শারীরিকভাবেও ভালো অবস্থায় আছে। আমাদের একমাত্র লক্ষ্য ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা। ভুটানের বিপক্ষে পয়েন্ট পাওয়ায় আমরা খুশি। তবে একটি জয়ই যথেষ্ট নয়। আমাদের ফাইনাল পর্যন্ত যেতে হবে। সেই লক্ষ্য অর্জনে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সবাই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।’

বাংলাদেশের সামনে আপাতত অবশ্য শ্রীলঙ্কা বাধা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে ড্রই যথেষ্ট হলেও কোনো ধরনের হিসাব করে খেলতে চান না বিশ্বনাথ। তার কথায়, ‘আমাদের লক্ষ্য সব সময় সম্ভাব্য সেরা ফল অর্জন করা। কখনো আমরা ভালো খেলি, কখনো ভালো খেলতে পারি না। কিন্তু সব সময়ই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ম্যাচের ফল কী হবে, সেটা আমি আগে থেকে বলতে পারি না। তবে আমরা পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই।’

প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়েও সতর্ক বাংলাদেশ। ভুটানের বিপক্ষে তাদের ম্যাচটি হোটেলে বসে একসঙ্গে দেখেছেন ফুটবলাররা। বিশ্বনাথের চোখে প্রত্যাশার তুলনায় কিছুটা দুর্বলই মনে হয়েছে শ্রীলঙ্কাকে। তবে সেই ধারণা থেকে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না তিনি।

এরই মধ্যে বাংলাদেশ শিবিরে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই মিডফিল্ডারের উপস্থিতি দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন বিশ্বনাথ, ‘এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ হয়েছে আমার। কিন্তু তার উপস্থিতি আমাদের মধ্যে একটি পরিপূর্ণ দল হওয়ার অনুভূতি তৈরি করে। সবকিছু যেন হামজাকে ঘিরেই আবর্তিত হয়। তার অভিজ্ঞতা ও উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করে এবং দলের ভেতরের সামগ্রিক পরিবেশটাই বদলে দেয়।’

RELATED ARTICLES

Most Popular