Homeআন্তর্জাতিকপ্রেমের সম্পর্ক গোপনের অভিযোগ, জেনসেন হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে মামলা

প্রেমের সম্পর্ক গোপনের অভিযোগ, জেনসেন হুয়াং ও এনভিডিয়ার বিরুদ্ধে মামলা

নতুন সংকটে পড়েছেন প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিত্ব ও শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং (৬৩)। এবার তার ও এনভিডিয়ার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা ঠুকেছেন শেয়ারহোল্ডাররা।

বার্তাসংস্থা এএফপি আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রোজেন ল ফার্ম জানিয়েছে, বেইজিংয়ের কাছে তথ্য পাচারের অভিযোগে অভিযুক্ত ওই নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের বিষয়ে শেয়ারহোল্ডারদের তথ্য জানাতে ব্যর্থ হওয়ার অভিযোগে তার ও এআই খাতের বৃহৎ প্রতিষ্ঠান এনভিডিয়ার বিরুদ্ধে ‘ক্লাস-অ্যাকশন’ মামলা করেছে তারা।

রোজেন ল ফার্মের ওয়েবসাইটে এই মামলার উল্লেখ আছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ‘ক্লাস-অ্যাকশন’ মামলার ক্ষেত্রে শেয়ার, স্টক, বন্ড বা এ ধরনের কোনো আর্থিক উপকরণ কিনে ‘এনভিডিয়াতে বিনিয়োগ করেছেন’ এমন যেকোনো ব্যক্তি যোগ দিতে পারেন।

গত মাসে নিউইয়র্ক টাইমস জানায়, তাইওয়ানে জন্ম নেওয়া জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। দুজনের নামের শেষ অংশ এক হলেও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে ওই চীনা নারীর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনুসন্ধান বলছে, অ্যালিস হুয়াং বা হুয়াং লে নামে পরিচিত ওই নারী আসলে চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন।

‘বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়েছেন’ জেনসেন হুয়াং এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে, এমন তথ্য প্রকাশের পর এনভিডিয়ার শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমে যায়। তবে বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।

প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে চীন। এই প্রতিযোগিতায় চীনকে এগিয়ে যেতে না দিতে ২০২২ সালে দেশটিতে অত্যাধুনিক মার্কিন সিলিকন চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় ব্যবহৃত চিপ তৈরিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনভিডিয়া। এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানগুলোর একটি।

সোমবার ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলা হয়েছে, জেনসেন-অ্যালিসের সম্পর্কের কারণে তৈরি হওয়া জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে শেয়ারহোল্ডারদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন জেনসেন হুয়াং ও এনভিডিয়া। তাদের অন্যায় কর্মকাণ্ড ও তথ্য গোপনের কারণে কোম্পানির সিকিউরিটিজের বাজারমূল্যে আকস্মিক পতন ঘটে, যার শিকার হয়েছেন বাদীসহ একই শ্রেণির অন্য সদস্যরা।

এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর ৯ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে লেনদেন শেষে এনভিডিয়ার শেয়ারের দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে যায়। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ১৯০ বিলিয়ন ডলার কমে যায়। ওই দিন বাজার বন্ধ হওয়ার পাঁচ মিনিট পর মামলাটি দায়ের করা হয়।

এর আগে গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উদ্বেগের কারণে কোম্পানিটির বাজারমূল্য ৪৩৩ দশমিক ৮ বিলিয়ন ডলার কমে যায়।

রোববার প্রকাশিত এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় স্ত্রীর প্রতি ‘বিশ্বস্ত ছিলেন না’ বলে স্বীকার করেছেন হুয়াং।

তিনি বলেন, ‘আমার কর্মকাণ্ডে আমার স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনো অজুহাত নেই। এ জন্য আমি গভীরভাবে দুঃখিত।’

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব জেনসেন হুয়াং। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ অনানুষ্ঠানিক উপদেষ্টাও।

RELATED ARTICLES

Most Popular