Homeসারাদেশআমবাগানের ছায়ায় ভ্যানিলা চাষ, সম্ভাবনার সামনে বাজারের বাধা

আমবাগানের ছায়ায় ভ্যানিলা চাষ, সম্ভাবনার সামনে বাজারের বাধা

আমবাগানের ছায়ায় সারিবদ্ধ উঁচু বেড। সেখানে লতিয়ে উঠছে বিশ্বের অন্যতম দামি মসলা ভ্যানিলার গাছ। কোনো গাছে ফুল এসেছে, আবার কোনো গাছে থোকায় থোকায় ধরেছে ভ্যানিলার ফল।

যশোরের চৌগাছা উপজেলার সরপড়াসপুর গ্রামের উদ্যোক্তা সরোয়ার হোসেন ভ্যানিলা চাষে বেছে নিয়েছেন ভিন্ন পদ্ধতি। সাধারণত এ ফসল চাষে কৃত্রিম ছায়ার ব্যবস্থা করতে হয়। তবে সেই খরচ বাঁচাতে নিজের আমবাগানের প্রাকৃতিক ছায়ায় ভ্যানিলা চাষ করছেন তিনি।

পাঁচ শতক জমির এই বাগানে এখন প্রায় ১৫০টি ভ্যানিলা গাছ রয়েছে। অনেক গাছে ফলও ধরেছে। তবে ফলন আশাব্যঞ্জক হলেও দেশে প্রক্রিয়াজাতকরণের সুবিধা ও সুনির্দিষ্ট বাজার না থাকায় দুশ্চিন্তায় আছেন সরোয়ার।

২০১৯ সালে ড্রাগন ফল চাষের পাশাপাশি পরীক্ষামূলকভাবে ভ্যানিলা চাষ শুরু করেন তিনি। প্রথমে ৫০টি চারা লাগালেও এ ফসল সম্পর্কে অভিজ্ঞতা না থাকায় ২৫টি গাছ মারা যায়।

তবে হাল ছাড়েননি সরোয়ার। নতুন চারা সংগ্রহ করে আবারও চাষ শুরু করেন। প্রথমে ‘টিফুনসি’ জাতের ভ্যানিলা চাষ করলেও পরে ভারত থেকে ‘ভ্যানিলা প্ল্যানিফোলিয়া’ জাতের চারা আনেন। কয়েক বছরের চেষ্টা ও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে ধীরে ধীরে এ ফসল চাষের কৌশল রপ্ত করেন তিনি।

সাধারণত ভ্যানিলা চাষের জন্য সূর্যের আলো, আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করতে হয়। অনেক দেশে এ জন্য বিশেষভাবে তৈরি কৃত্রিম ছায়ার কাঠামো ব্যবহার করা হয়। তবে এসব অবকাঠামো তৈরির খরচ বেশি হওয়ায় বিকল্প হিসেবে নিজের আমবাগানকে বেছে নেন সরোয়ার। বাগানের পরিমিত রোদ ও প্রাকৃতিক ছায়া ভ্যানিলার লতা বেড়ে ওঠার জন্য উপযোগী পরিবেশ তৈরি করেছে।

সরোয়ার বলেন, ‘অতিরিক্ত বৃষ্টি ও উচ্চ তাপমাত্রা ভ্যানিলা চাষের জন্য বড় ঝুঁকি। তাই সঠিক পরিবেশ ধরে রাখা খুবই জরুরি।’

তিনি বলেন, ভ্যানিলার ডাল লাগানোর আগে আটটি ভিন্ন উপাদান দিয়ে প্রতিটি বেড তৈরি করা হয়। এ পর্যন্ত বাগানটি গড়ে তুলতে প্রায় ৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। গাছগুলো ঠিকমতো বেড়ে উঠলে এবং প্রত্যাশা অনুযায়ী ফলন হলে এই ছোট বাগান থেকেই বছরে ৫ লাখ টাকা আয়ের আশা করছেন সরোয়ার।

বাংলাদেশে ভ্যানিলা চাষের যথেষ্ট সম্ভাবনা দেখছেন এ উদ্যোক্তা। তিনি বলেন, ‘দেশের অনেক জায়গায় ভ্যানিলা চাষ করা সম্ভব। এখন আমাদের উৎপাদন বাড়ানো দরকার।’

তিনি আরও বলেন, ‘১০০ জন কৃষককে পর্যাপ্ত ভ্যানিলার চারা দিলে ৪ থেকে ৫ বছরের মধ্যে আমরা ১ হাজার কেজি রপ্তানিযোগ্য ভ্যানিলা উৎপাদন করতে পারব। তখন আন্তর্জাতিক ক্রেতারাও বাংলাদেশে আসবেন।’

সরোয়ারের বাগানে কাজ করেন আল-আমিন হোসেন। তিনি বলেন, ভ্যানিলাগাছের জন্য প্রতিদিন খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। মাঝে মাঝে পানি দিলেই চলে। বেডে মাটির পরিমাণ কম থাকায় আগাছাও তুলনামূলক কম হয়। তবে ছত্রাকের সংক্রমণের ঝুঁকি থাকায় গাছগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হয়।

ফসল তোলা সহজ করতে লতাগুলো প্রথমে ওপরের দিকে বাড়তে দেওয়া হয়। পরে সেগুলো আবার নিচের দিকে নামিয়ে হাতের নাগালে রাখা হয়।

জাফরানের পরই ভ্যানিলাকে বিশ্বের অন্যতম দামি মসলা হিসেবে বিবেচনা করা হয়। এর স্বতন্ত্র সুগন্ধ ও স্বাদের কারণে খাবার, পানীয় এবং বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্যে এটি ব্যবহৃত হয়।

একসময় আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ভ্যানিলার দাম ৫৫০ ডলার পর্যন্ত উঠেছিল। পরে দাম কমলেও মান, শ্রেণি ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতিভেদে এর দাম ভিন্ন হয়। বাজারের কিছু হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি কেজি ভ্যানিলার দাম প্রায় ২৫০ ডলার।

সরোয়ারের বাগানে ভ্যানিলার ফলন দেখে স্থানীয় অন্য উদ্যোক্তারাও এ চাষে আগ্রহী হচ্ছেন। তাদের একজন আশিকুল ইসলাম মিঠুন। তিনি বলেন, ‘আমাদের উপজেলায় ভ্যানিলা হচ্ছে শুনে দেখতে এসেছি। লতায় থোকায় থোকায় ফল ধরে আছে।’

তিনি আরও বলেন, ‘তবে এগুলো কীভাবে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হবে, তা এখনো পরিষ্কার নয়। সরকারের উচিত এই ফসলের প্রসারে উদ্যোগ নেওয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আধুনিক চাষপদ্ধতি চালু করে কৃষকদের উৎসাহিত করলে আরও অনেকে আগ্রহী হবেন।’

উৎপাদনের সম্ভাবনা থাকলেও দেশের ভেতরে সুনির্দিষ্ট বাজার না থাকাই বাণিজ্যিকভাবে ভ্যানিলা চাষের সবচেয়ে বড় বাধা। প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানির ব্যবস্থা না থাকায় উৎপাদিত ফসল বাণিজ্যিকভাবে বিক্রি করার সুযোগ সীমিত।

যশোরের জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা এ সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘ভ্যানিলা সাধারণ সবজির মতো বাজারে বিক্রি করার জিনিস নয়। বিক্রির আগে এটি ঠিকমতো প্রক্রিয়াজাত করতে হয়।’

তিনি বলেন, ‘কৃষক আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রক্রিয়াজাতকরণ এবং দেশি বা আন্তর্জাতিক বাজারে বিক্রির ব্যাপারে সহায়তা করব।’

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সরোয়ারের উদ্যোগের কথা জানলেও মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে ভ্যানিলা এখনো তুলনামূলক নতুন ফসল।

যশোর ডিএইর ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ‘কৃষি বিজ্ঞানীদের একটি দল শিগগিরই ওই বাগান পরিদর্শন করবে। ভ্যানিলা আমাদের দেশে নতুন ফসল, তাই এর চাষ সম্পর্কে আমাদের কাছে পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান নেই।’

তিনি আরও বলেন, ‘চৌগাছায় সরোয়ার হোসেন নামে একজন কৃষক ভ্যানিলা চাষ করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা শিগগিরই কৃষি বিজ্ঞানীদের নিয়ে তার বাগান পরিদর্শন করব। তাদের সুপারিশের ভিত্তিতে ভ্যানিলা চাষ সম্প্রসারণের বিষয়টি আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটিতে তোলা হবে।’

আমগাছের ছায়ায় ভ্যানিলা চাষ করে ফসলটির সম্ভাবনা দেখিয়েছেন সরোয়ার। তবে তার সামনে এখনো একটি বড় প্রশ্ন, ফসল তোলার পর এই ভ্যানিলা কিনবে কে?

RELATED ARTICLES

Most Popular