Homeআন্তর্জাতিকমোদির সঙ্গে ১২ বছর কথা নেই, স্মৃতিকথায় আর যা লিখেছেন সোনিয়া গান্ধী

মোদির সঙ্গে ১২ বছর কথা নেই, স্মৃতিকথায় আর যা লিখেছেন সোনিয়া গান্ধী

ভারতের রাজনীতির ইতিহাসের সঙ্গে সোনিয়া ও রাজীব গান্ধীর প্রেম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইতালির ছোট্ট শহর থেকে ভারতের ক্ষমতার কেন্দ্র পর্যন্ত সোনিয়া গান্ধীর দীর্ঘ যাত্রার গল্প উঠে এসেছে তার বহুল প্রতীক্ষিত রাজনৈতিক স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ে। ভালোবাসার টানেই এই যাত্রা শুরু হয়েছিল বলে বইয়ে উল্লেখ করেছেন তিনি।

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান আলফ্রেড এ. নফ এবং ভারতে হার্পারকলিন্স বইটি প্রকাশ করেছে।

বইটিতে স্বামী রাজীব গান্ধী ও শাশুড়ি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড থেকে শুরু করে ভারতে রাজনৈতিক বিবর্তনের ছয়টি দশককে সোনিয়া কীভাবে দেখছেন তা উঠে এসেছে।

এই বইয়ের পাঁচটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

গার্ডিয়ান লিখেছে, কংগ্রেসের প্রবীণ এই নেতা বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চেয়েছেন। তবে ‘বিলংগিং’ বইয়ে প্রথমবারের মতো জীবনের নানা নাটকীয় বাঁক নিয়ে খোলামেলা লিখেছেন তিনি। প্রথম সন্তান হারানোর বেদনা, একাকিত্ব, ১৯৮৪ সালে নিজের বাড়িতে গ্রেনেড পাওয়ার ভয়াবহ অভিজ্ঞতা, ভারতের রাজনীতির বেশ কয়েকটি উত্তাল অধ্যায়সহ গান্ধী পরিবার ও কংগ্রেসের রাজনৈতিক জীবনের বিতর্কিত বিষয়গুলো উঠে এসেছে এই বইয়ে।

সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথাকে ভারতের ছয় দশকের রাজনৈতিক রূপান্তরের একটি জীবন্ত দলিল হিসেবে উল্লেখ করেছে গার্ডিয়ান।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় ভারতের বর্তমান রাজনীতিতে গভীর মেরুকরণের একটি চিত্র পাওয়া যায়। তিনি লিখেছেন, গত ১২ বছর ধরে ভারতের ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদির সঙ্গে তার ‘কার্যত কোনো যোগাযোগ নেই’।

সোনিয়ার ভাষ্য, কখনো একই কক্ষে উপস্থিত হলেও মোদি তার দিকে পারতপক্ষে তাকান না এবং চোখাচোখি করেন না। তবে হাসপাতালে ভর্তি থাকার সময় তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন মোদি।

সোনিয়ার মতে, এটা ভারতের রাজনৈতিক রীতিনীতির সঙ্গে যায় না। আগে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতারাও একে অন্যের সঙ্গে সৌজন্য বজায় রাখতেন। ২০০১ সালে ভারতের পার্লামেন্ট ভবনে সন্ত্রাসী হামলার পর তাৎক্ষণিকভাবে তৎকালীন বিজেপি প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে ফোন করে তার নিরাপত্তার খোঁজ নিয়েছিলেন সোনিয়া। বাজপেয়ী তার এই সৌজন্যের প্রশংসাও করেছিলেন।

সোনিয়া মনে করেন, ভারতের রাজনীতিতে ক্রমেই কর্তৃত্ববাদী প্রবণতা বাড়ছে। ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় ও হয়রানি করার চেষ্টা করছেন। তিনি লিখেছেন, বছরের পর বছর ধরে তার ছেলে রাহুল গান্ধীকে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করেছে বিজেপি। তারা রাহুলকে অনভিজ্ঞ হিসেবে তুলে ধরার চেষ্টা করে।

সোনিয়া জানান, বিশ্বের অন্যান্য জায়গাতেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ ও উপহাস করার প্রবণতার সঙ্গেও বিষয়টির মিল রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের আগেই ভারতের রাজনীতিতে নারীরা শীর্ষ নেতৃত্বে আসার সুযোগ পেয়েছেন। দেশটির ইতিহাসে নারী নেতৃত্বের উল্লেখযোগ্য উদাহরণও রয়েছে। তবে পুরুষপ্রধান রাজনৈতিক পরিবেশে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের অনেক সময় নিঃসঙ্গতার মুখোমুখি হতে হয়েছে।

বইটিতে ২০১২ সালে হিলারি ক্লিনটনের সঙ্গে ভারতের নারী নেত্রী ও তাদের রাজনৈতিক জীবন নিয়ে একটি আলোচনার কথা লিখেছেন সোনিয়া।

ইন্দিরা গান্ধী সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন, বিপুল ক্ষমতার অধিকারী হয়েও ইন্দিরা নিঃসঙ্গ বোধ করতেন। তার মতে, ১৯৭৫ সালে জরুরি অবস্থা ঘোষণার আগের কয়েক মাসে ইন্দিরা গান্ধীর একাকিত্ব তীব্র হয়ে উঠেছিল।

নিজের নিঃসঙ্গতার অভিজ্ঞতাও তুলে ধরেছেন সোনিয়া। পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার রক্ষার দায়িত্ববোধ থেকে যখন তিনি কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন, তখনো তাকে একাকিত্বের মধ্য দিয়ে যেতে হয়েছে।

‘বিলংগিং’ বইয়ে ভারতের গণতান্ত্রিক রীতিনীতির অবক্ষয়ের বিভিন্ন দিক তুলে ধরেছেন সোনিয়া। এর মধ্যে সংবাদমাধ্যম ও ক্ষমতাসীনদের সম্পর্কের পরিবর্তনকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করেন তিনি।

সোনিয়া লিখেছেন, এক সময় সাংবাদিকরা সরাসরি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারতেন। কিন্তু ১২ বছরে নরেন্দ্র মোদি এককভাবে কোনো সংবাদ সম্মেলন করেননি। নির্বাচনী প্রচারের শেষে একটি সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তিনি। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উন্মুক্ত পরিবেশে প্রশ্নের উত্তর দেওয়া এড়িয়ে চলেছেন মোদি। সংবাদমাধ্যমের সঙ্গে তার যোগাযোগ মূলত সরকারপন্থি ও তার সমর্থক সংবাদ উপস্থাপকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। এর মধ্যে বলিউডের এক অভিনেতার সঙ্গে বহুল আলোচিত একটি আলাপচারিতাও রয়েছে। সেখানে ওই অভিনেতা মোদিকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তিনি কীভাবে আম খেতে পছন্দ করেন।’

বইটি প্রকাশের পর বর্তমান ভারতে মুক্তচিন্তা ও মতপ্রকাশের জায়গা এবং এর পরিণতি নিয়ে আশঙ্কা কীভাবে লেখালেখি ও প্রকাশের ক্ষেত্রে প্রভাব ফেলে, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রথমে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়ার বইটি প্রকাশ করার কথা ছিল। কিন্তু গত আগস্টে তারা সরে দাঁড়ায়। সোনিয়া গান্ধী দ্য গার্ডিয়ানকে বলেন, ‘সরকারের সমালোচনার বিষয় প্রকাশের ব্যাপারে অস্বস্তিতে ছিল প্রকাশনা সংস্থাটি। বইয়ের কিছু অংশ বাদ দিতে অস্বীকৃতি জানালে, বইটি প্রকাশ বাতিল করে ওই সংস্থা।’

তবে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস সোনিয়ার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছে।

গার্ডিয়ান জানায়, পশ্চিমা রাজনীতিবিদদের স্মৃতিকথায় প্রতিপক্ষের নাম উল্লেখ থাকে। একইসঙ্গে ব্যক্তিগত কথোপকথনের বিবরণ এবং সহকর্মীদের সম্পর্কে খোলামেলা মূল্যায়নও দেখা যায়।

উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ২০১৯ সালে প্রকাশিত স্মৃতিকথা ‘ফর দ্য রেকর্ড’ বইয়ের কথা উল্লেখ করেছে গার্ডিয়ান।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথায়ও রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিগত বিরোধের নানা দিক উঠে এসেছে। তবে কার কার সঙ্গে তার এমন বিরোধ ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য নেই।

RELATED ARTICLES

Most Popular