চতুর্থ দিনের শেষ সেশন। খানিক পর পরই বাংলাদেশের কোনো না কোনো ফিল্ডার চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন আর ফিজিও বায়েজিদুল ইসলাম ছুটে আসছেন মাঠে। একটা বল পায়ে লেগে লিটন দাস বসে পড়লে ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপ ধারাভাষ্যে হেসে বলে উঠলেন, ‘আরও পাঁচ মিনিট গেল।’
সাধারণত কোনো দিনের শেষ দিকে সময়ক্ষেপণ করতে দেখা যায় ব্যাটারদের। ফিল্ডারদের এটা করতে দেখা বেশ হাস্যরসের জন্ম দিল। বাংলাদেশ দল চতুর্থ দিনের অর্ধেকের পর থেকেই চলে যায় রক্ষণাত্মক মানসিকতায়। ফিল্ডাররা নানাভাবে বুঝিয়ে দিতে থাকেন এই টেস্ট ড্র হলেই তাদের স্বস্তি।
অথচ ড্রয়ে আসলে বাংলাদেশের সিরিজের প্রাপ্তি শূন্য। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ছিল না নাজমুল হোসেন শান্তদের। কিন্তু তাওহিদ হৃদয়ের অবিস্মরণীয় ইনিংসের পরও দ্বিতীয় ইনিংসে তাদের বোলিং-ফিল্ডিংয়ে দেখা মিলল না সেই তাড়নার।
বরং ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিনে ব্যাট করছে ভীষণ ইতিবাচক মানসিকতায়। টেস্টে ওভারপ্রতি সাড়ে চার করে রান তুলে গেছে তারা। নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে জেতার একটা চেষ্টা যে তারা করবে, তা শরীরী ভাষায় বুঝিয়ে দিয়েছে।
অন্যদিকে হৃদয়ের রেকর্ডময় ইনিংসে অবিশ্বাস্য লাইফলাইনও গোটা বাংলাদেশ দলকে জাগাতে পারেনি। নির্জীব বোলিং আর নেতিয়ে পড়া শরীরী ভাষায় ছিল কোনোমতে ম্যাচটা না হেরে শেষ করার আকাঙ্ক্ষা। ম্যাচ ড্র করে ক্যারিবিয়ানদের কাছে ঘরের মাঠে আরও একবার টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। টেস্টে বদলে যাওয়ার গান গাওয়া দলটার জন্য বেশ বিব্রতকর ফলই বটে।
ম্যাচ শেষে অধিনায়ক শান্ত প্রতিক্রিয়ায় নিজের হতাশার কথা জানিয়েছেন বটে। ঘরের মাঠে সিরিজ জিততে না পারার হাহাকার ফুটে উঠেছে তার কণ্ঠে।
৩৯৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ ৩৬৯ রানের বিশাল লক্ষ্য দিতে পেরেছে হেসেখেলে। হ্যাঁ, উইকেট ব্যাট করার জন্য শেষ দিনেও ছিল ভালো। তবে এমন উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের তুলনায় বাংলাদেশ ছিল ম্রিয়মাণ। জোমেল ওয়ারিকন একাই যেখানে সিরিজে নিয়েছেন ১৬ উইকেট, বাংলাদেশের তিন স্পিনার মিলে নিতে পেরেছেন তার সমান।
অবশ্য এই টেস্ট বাংলাদেশ দল কোনো পরিকল্পনায় খেলেছিল, তা নিয়ে প্রশ্নটা বড় হবে। মিরপুর টেস্টে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা দল কেন এমন একটা পাটা উইকেটে খেলবে? যেখানে পাঁচ দিন খেলেও বের হয় না ফল! কার সিদ্ধান্তে এমন নিষ্প্রাণ উইকেট বেছে নেওয়া? তার চেয়েও বড় কথা, এরকম উইকেটে বাংলাদেশ নেমেছিল মাত্র দুই পেসার নিয়ে। আরেকটি বাড়তি পেসার না থাকায় প্রতিপক্ষকে ভিন্ন কিছু করে চাপ দেওয়া যায়নি, দুই পেসারকেও রাখা যায়নি সতেজ। হাসান মাহমুদ আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট থেকে টানা তিন টেস্ট খেললেন। তীব্র গরমে টানা বল করতে হয়েছে তাকে।
দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গ টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর। অর্থাৎ হাতে বাকি আর দিন পাঁচেক সময়। অথচ হাসান এই ম্যাচেই বল করেছেন ৩৫ ওভার। দলের সেরা একজন পেসার গুরুত্বপূর্ণ সিরিজের আগে হয়ে পড়েছেন ক্লান্ত। নাহিদ রানার অনুপস্থিতি ও হাসানের ওপর বাড়তি চাপ দেওয়া মিলিয়ে বাংলাদেশ দল আসলে কোনো পরিকল্পনায় সিলেটে খেলেছে, বোঝা মুশকিল।
অধিনায়ক শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তারা এই সিরিজ স্পিন উইকেটই চেয়েছিলেন। সিলেটের উইকেট তাদের চাওয়ার কাছাকাছিও ছিলো না। অবশ্য সিলেটেও স্পিনারদের বাড়তি সহায়তা থাকলে ওয়ারিকনের সামনে বাংলাদেশের চ্যালেঞ্জটা হতো আরও অনেক বেশি।
সিলেটে হৃদয়ের ইনিংস হয়তো রেকর্ড বইয়ে উজ্জ্বল হবে। ব্যক্তিগত এই অর্জনের বাইরে বাংলাদেশ দলের প্রাপ্তি তো শূন্যই; উল্টো দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলের মানসিক ও শারীরিক ক্লান্তি যোগ হলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে স্বপ্নময় অবস্থান নড়ে গিয়ে এখন আরও নিচে নেমে যাওয়ার শঙ্কা।
