ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের তীব্র হতাশা পেছনে ফেলে সিলেট টেস্টে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন তাওহিদ হৃদয়। সেই রেকর্ডময় ব্যাটিংয়ের সুবাদে আইসিসি র্যাঙ্কিংয়ে তিনি পেলেন সুখবর। টেস্ট ব্যাটারদের তালিকার সেরা একশতে প্রবেশ করলেন বাংলাদেশের এই তরুণ।
বুধবার খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ের সবশেষ সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে হৃদয়ের অবস্থান ৬০ নম্বরে। এক লাফে তিনি এগিয়েছেন ১১৫ ধাপ। তার রেটিং পয়েন্ট এখন ৫১১।
ক্যারিবিয়ানদের কাছে মিরপুরে হেরে যাওয়া টেস্টের দুই ইনিংসেই বাজে শটে বিদায় নিয়েছিলেন হৃদয়। ফলে প্রবল সমালোচনার মুখে পড়েন ২৫ বছর বয়সী এই ব্যাটার। চারদিকের জোরালো চাপ সামলে সিলেটে ড্র হওয়া টেস্টে নিজের সেরাটা মেলে ধরেন তিনি।
প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে হৃদয় অপরাজিত থাকেন ২৪২ রানে। ৩৫৯ বল মোকাবিলায় ২২টি চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকান তিনি। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির সুবাস জাগালেও দুর্ভাগ্যজনকভাবে ৮২ রানে থামতে হয় তাকে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। সিলেটে প্রথম টাইগার ব্যাটার হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করা এই অভিজ্ঞ তারকা আগের মতোই ২২ নম্বরে রয়েছেন।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩২ নম্বরে। লিটন দাস আগের ৩৩তম স্থান ধরে রেখেছেন। এক ধাপ পেছানো মুমিনুল হকের অবস্থান ৩৮ নম্বরে। সেরা পঞ্চাশে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটার।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে ৬ উইকেট নেওয়া পেসার হাসান মাহমুদ এগিয়েছেন ছয় ধাপ। তিনি উঠে এসেছেন বোলারদের র্যাঙ্কিংয়ের ৩২ নম্বরে। বাজে সময় পার করতে থাকা স্পিনার তাইজুল ইসলাম সাত ধাপ পিছিয়ে অবস্থান করছেন ২৮ নম্বরে।
সেরা পঞ্চাশে আছেন বাংলাদেশের আর দুই বোলার। মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে ২৫ নম্বরে নেমে গেছেন। আগের মতোই ৪৭ নম্বরে আছেন নাঈম হাসান।
উল্লেখ্য, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের জো রুট, বোলারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছেন।
