ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদের পরোক্ষভাবে পদত্যাগ করতে বলার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, গতকাল দুজন এবং আজ বাকি তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগ করা শিক্ষকেরা হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
অন্তর্বর্তী সরকারের সময় তাদেরকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পদত্যাগকারী একজন নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, প্রক্টর তাদের পরোক্ষভাবে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন।
তিনি বলেন, আমাদের সঙ্গে তার সম্পর্ক ভালো। হয়তো অন্য কোনো চাপের কারণে তিনি এমন অনুরোধ করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করেছি। হতে পারে তারা তাদের মতাদর্শের কাউকে এই পদে নিয়োগ দিতে চান। এমনটা হতে পারে, তবে প্রকৃত কারণ আমাদের জানা নেই।
তবে পদত্যাগ করা আরেক সহকারী প্রক্টর জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শিক্ষকদের পদত্যাগ করতে বলার বিষয়টি অস্বীকার করেন ঢাবি প্রক্টর ইসরাফিল রতন। তিনি বলেন, আমরা কাউকে অব্যাহতি দিইনি। কেন পদত্যাগ করেছেন, সেটি তারাই ভালো বলতে পারবেন। প্রশাসনে এটি অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। বিভিন্ন পদে মানুষ আসে-যায়।
এদিকে প্রক্টর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, রেজাউল করিম সোহাগ নামের আরেক সহকারী প্রক্টরও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি নিজের এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে কার্যালয়কে জানিয়েছেন।
