আগামী ১৬ নভেম্বর এক কমিশন সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড তৈরি ও বিতরণের বিষয় নিয়ে আলোচনা করা হবে।
আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।
সভার দুটি এজেন্ডার একটিতে পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হবে। অন্যটিতে আইডিইএ প্রকল্পের অধীনে স্মার্ট এনআইডি কার্ড তৈরি, পার্সোনালাইজেশন ও বিতরণের দায়িত্বে থাকা পার্সোনালাইজেশন সেন্টার বিষয়ে আলোচনা হবে।
গত ১২ অক্টোবর ইসি পাঁচ ধাপে ইউপি নির্বাচনের পরিকল্পনা ঘোষণা করে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
গত ৮ নভেম্বর আখতার আহমেদ জানিয়েছিলেন যে, ইসি প্রথম ধাপে ১,০৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে।
