এবেনেজার স্ক্রুজ একজন ধনী ব্যবসায়ী। কিন্তু চরম কৃপণ। অর্থের প্রতি তীব্র আসক্তি ছাড়া জীবনের অন্য কোনো মানে বোঝে না সে। মানুষের প্রতি সামান্য সহানুভূতি বা ভালোবাসা তার নেই। বড়দিনের আনন্দ কিংবা অন্যের সামান্য সুখও যেন তার চোখের বিষ।
কিন্তু নিয়তি তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। বড়দিনের আগে এক শীতের রাতে তার সামনে একে একে হাজির হয় অতীত, বর্তমান ও ভবিষ্যতের তিন অতিপ্রাকৃত আত্মা।
অতীতের আত্মা তার সামনে তুলে ধরে—শৈশব, যৌবন ও ফেলে আসা জীবনের পুরোনো সব স্মৃতি। বর্তমানের আত্মা তাকে দেখায় চারপাশের মানুষের জীবন, দুঃখ-কষ্ট ও বড়দিনের আনন্দ। আর ভবিষ্যতের আত্মা তাকে দেখিয়ে দেয়, এই কঠোর ও উদাসীন আচরণ বজায় রাখলে মৃত্যুর পর তার জন্য কী নির্মম পরিণতি অপেক্ষা করছে।
এই অদ্ভুত ও অলৌকিক অভিজ্ঞতার পর নিজের জীবন, অর্থের প্রতি অন্ধ আসক্তি এবং মানুষের সঙ্গে নিজের আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করে স্ক্রুজ।
অর্থের পেছনে ছুটতে গিয়ে মানবিকতা হারিয়ে ফেলা একজন মানুষের জীবনে অতিপ্রাকৃত অভিজ্ঞতার মাধ্যমে অনুশোচনা, আত্মোপলব্ধি ও বদলে যাওয়ার এমনই এক গল্প নিয়ে নতুন চলচ্চিত্র ‘এবেনেজার’।
আর এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ প্রায় আট বছর পর হলিউডের মূলধারার বড় পর্দায় ফিরছেন বিশ্বখ্যাত অভিনেতা জনি ডেপ।
Bah! Humbug! Watch the new trailer for EBENEZER starring Johnny Depp. Only in theatres November 13. https://t.co/pQQXC8fDaZ
— Ebenezer (@ebenezermovie) July 23, 2026
মার্কিন সাময়িকী ভ্যারাইটি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন ‘এক্স’ হরর ট্রিলজির নির্মাতা টি ওয়েস্ট। প্রযোজনা করেছে প্যারামাউন্ট পিকচার্স। সিনেমাটি আগামী ১৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
এই সিনেমায় অভিনয়ের জন্য ৫০ লাখ ডলার পারিশ্রমিক নিয়েছেন জনি ডেপ।
গত কয়েক বছরে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা বিতর্কের মুখে পড়লেও জনি ডেপের এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী হল মালিকরা। চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে সিনেমাটি প্রায় ২ কোটি ডলার আয় করতে পারে। একই পরিমাণ আয় আসতে পারে আন্তর্জাতিক ৬৩টি বাজার থেকেও।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে ইউনিভার্সিটি মল ও সিনেমা আর্টস থিয়েটারের মালিক মার্ক ওমিয়ারা বলেন, ‘কেউ কেউ সিনেমাটি দেখার জন্য আর তর সইতে পারছেন না। তারা জনি ডেপকে ভালোবাসেন।’
তার মতে, দর্শকদের কাছে ডেপ এখন আর আগের মতো বিতর্কিত ব্যক্তিত্ব নন।
সিনেমাটি নির্মাণে প্যারামাউন্ট প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলার ব্যয় করেছে বলে জানা গেছে। বিপণন খাতে ব্যয়ের পরিমাণ আনুমানিক ৫ কোটি ডলার।
হলিউডে জনি ডেপের সর্বশেষ সিনেমা ছিল ২০১৮ সালের ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’। ২০২০ সালে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের বিরুদ্ধে মানহানির মামলায় হেরে যাওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি থেকে সরে দাঁড়ান তিনি। পত্রিকাটি ডেপকে ‘স্ত্রী নির্যাতনকারী’ হিসেবে বর্ণনা করেছিল। পরে যুক্তরাষ্ট্রে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আলোচিত মানহানির মামলায় জয় পান এই অভিনেতা।
হলিউডের সিনেমায় কাজের সুযোগ সীমিত হয়ে এলেও স্বাধীন ও আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় চালিয়ে গেছেন ডেপ। ২০২০ সালে ‘মিনামাটা’ এবং ২০২৩ সালে ‘জিন দ্যু বারি’ সিনেমায় দেখা গেছে তাকে।
আন্তর্জাতিক অঙ্গনেও ডেপের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ২০২৬ সালের এপ্রিলে ন্যাশনাল রিসার্চ গ্রুপের এক গবেষণায় প্রেক্ষাগৃহে দর্শক টানার সম্ভাবনা রয়েছে—এমন শীর্ষ ১০ অভিনেতার তালিকায় জায়গা পান তিনি। এ তালিকায় টম হ্যাংকসের চেয়ে এগিয়ে ডেপ।
Don’t you sometimes want to misbehave? Day Drinker starring Johnny Depp, Madelyn Cline, and Penélope Cruz – in theaters March 26, 2027. https://t.co/UHhRAGKwI7
— Day Drinker (@DayDrinkerMovie) September 24, 2026
২০২৭ সালে তার আরও একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। লায়ন্সগেটের প্রযোজনায় ‘ডে ড্রিংকার’ নামে এই অ্যাকশন থ্রিলারে পেনেলোপে ক্রুজের সঙ্গে অভিনয় করবেন ডেপ।
এ ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের আরেকটি নতুন পর্বে ডেপকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া যাচাই করছে ডিজনি।
