ভারতের মধ্যপ্রদেশে রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। বুনো শূকর শিকারের জন্য তৈরি একটি দেশি বোমাকে মিষ্টি ভেবে খাওয়ানো হলে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত যুবকের নাম রাজেন্দ্র বারাউতিয়া (৩৫)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার মধ্যপ্রদেশের দিনদোরি জেলার এক এলাকায় আগুন পোহাচ্ছিলেন রাজেন্দ্র। এ সময় গ্রামের এক ব্যক্তি সেখানে একটি ‘মিষ্টি’ নিয়ে আসেন। পরে আরেক ব্যক্তি সেটি রাজেন্দ্রকে খেতে দেন। মুখে দেওয়ার পরই সেটি বিস্ফোরিত হয়।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা রেখা সিং এএফপিকে বলেন, ওই এলাকায় কিছু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বুনো শূকর মারতে এ ধরনের বোমা ব্যবহার করেন। ময়দা বা আটার গোলার ভেতরে বারুদ ভরে এগুলো তৈরি করা হয়।
বোমাগুলো দেখতে ভারতের জনপ্রিয় মিষ্টি রসগোল্লার মতো। রসগোল্লা নরম, গোলাকার এবং চিনির শিরায় ডোবানো থাকে। সাধারণত পুরোটা মুখে দিয়েই খাওয়া হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্য ছাড়া অপরাধমূলকভাবে মৃত্যুর কারণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তা রেখা সিং বলেন, ওই যুবককে হত্যার উদ্দেশ্যে বোমাটি দেওয়া হয়েছিল, নাকি নিছক দুষ্টুমি বা মজার ছলে দেওয়া হয়েছিল, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
