পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি শুরু হয়েছে।
এ কর্মসূচির আওতায় একজন শ্রমিকের কাছে প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
আজ শুক্রবার প্রাথমিকভাবে ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকে এ চাল বিক্রি শুরু হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, প্রতি ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।
কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকে ৩০ মেট্রিক টন, সাভারে ৮টি ট্রাকে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে ২টি ট্রাকে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।
প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দ্বিতীয় দফায় বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি করা হবে।
পোশাকশ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে এবং মাস্টার রোলে সই করে এ কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
