চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে পাঁচ মাস বয়সী যমজ ২ মেয়ে ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ির মাওলার পাড়ার বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
মৃত মো. জাহেদ হোসেন (৫০) চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মৃত দুই শিশু হলো জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জাহেদের স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তারা ফিরে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় জাহেদের এবং একই কক্ষের খাটের পাশে মেঝে থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে পুঁইছড়ি ইউনিয়নের শামসুল আলমের মেয়ে আফিয়া বেগমকে বিয়ে করেন জাহেদ। বিয়ের পর প্রথম তিন মাস তারা চট্টগ্রাম মহানগরীর একটি ভাড়া বাসায় থাকলেও পরে শ্বশুরবাড়িতে চলে আসেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘরের আড়ার সঙ্গে জাহেদকে ঝুলন্ত অবস্থায় পায়।’
ওসি রবিউল হক জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
