Homeসারাদেশ১৬ ডিসেম্বর আংশিক চালু হবে তৃতীয় টার্মিনাল, প্রস্তুতি শেষ করার নির্দেশ

১৬ ডিসেম্বর আংশিক চালু হবে তৃতীয় টার্মিনাল, প্রস্তুতি শেষ করার নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিক চালু করতে চায় সরকার। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনালের উদ্বোধন ও কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী সব কাজ সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি ফ্লাইট অবতরণ এবং দুটি ফ্লাইটের উড্ডয়ন করবে। পরবর্তীতে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।’

সভায় তৃতীয় টার্মিনাল আংশিক চালুর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে—প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং চুক্তি সইসহ বিভিন্ন বিষয়।

সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।

RELATED ARTICLES

Most Popular