‘কর্নার টেকেন কুইকলি।’ আন্তর্জাতিক ফুটবলের নিয়মিত খোঁজখবর রাখেন, অথচ এই শব্দগুচ্ছের সঙ্গে পরিচিত নন, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে লিভারপুলের সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দ্রুত নেওয়া কর্নার থেকে ডিভক অরিগির গোল। প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে পড়া লিভারপুল শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জিতে পৌঁছে গিয়েছিল ফাইনালে।
সেই গোলের নায়ক হিসেবে আর্নল্ডের নামই মনে রেখেছেন সবাই। কিন্তু নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১৪ বছর বয়সী এক কিশোরের। নাম ওকলি ক্যানোনিয়ার। বলবয়ের দায়িত্ব পালন করা এই কিশোরই দ্রুত বল এগিয়ে দিয়েছিলেন আর্নল্ডের কাছে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, এটি শুধু ক্যানোনিয়ারের ব্যক্তিগত উপস্থিত বুদ্ধির ফল ছিল না। লিভারপুলের বিশ্লেষকেরা আগেই লক্ষ্য করেছিলেন, সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে গেলে বার্সেলোনার খেলোয়াড়েরা প্রায়ই অভিযোগ করতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলেন। তাই ম্যাচের আগে বলবয়দের নির্দেশ দেওয়া হয়েছিল, বল বাইরে গেলেই যত দ্রুত সম্ভব সেটি ফিরিয়ে দিতে হবে। ক্যানোনিয়ার সেই নির্দেশ নিখুঁতভাবে পালন করেছিলেন।
একই বছরের নভেম্বরে আরেকটি ঘটনা। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল টটেনহ্যাম। একটি গোল শোধ করার পর সমতায় ফেরার জন্য মরিয়া জোসে মরিনহোর দল। দ্বিতীয়ার্ধের শুরুতে বল বাইরে যেতেই দ্রুত সেটি সার্জ অরিয়ের হাতে তুলে দেন ১৫ বছর বয়সী বলবয় ক্যালাম হাইনস। অরিয়েরের থ্রো-ইন থেকে লুকাস মোরার পাসে গোল করেন হ্যারি কেইন। সমতায় ফেরার পর শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে যায় টটেনহ্যাম।
গোলের পর মরিনহো ছুটে গিয়ে ক্যালামকে অভিনন্দন জানান, জড়িয়ে ধরেন। সংবাদ সম্মেলনেও ছেলেটির ফুটবলবুদ্ধির ভূয়সী প্রশংসা করেন। মরিনহো চেয়েছিলেন, ম্যাচ শেষে ক্যালাম ড্রেসিংরুমে এসে খেলোয়াড়দের সঙ্গে জয় উদ্যাপন করুক। কিন্তু ততক্ষণে সে চলে গেছে। কারণ, পরদিন স্কুলে গণিত পরীক্ষা! এমনকি বাড়ি ফেরার সময়ও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ক্যালাম। পরে অবশ্য তাকে দলের সঙ্গে খাবার টেবিলে বসার সুযোগ করে দেন মরিনহো।
ফুটবলের এমন শতশত ঘটনার মধ্যে এই দুটি উদাহরণ মনে করিয়ে দেয়, ফুটবলে কখনো কখনো কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য শুধু মাঠের পাশে দাঁড়িয়ে থাকাই যথেষ্ট নয়, খেলাটাও বুঝতে হয়। কোথায় দ্রুত বল ফেরত দেওয়া প্রয়োজন, কখন একটি মুহূর্তের বিলম্ব আক্রমণের সুযোগ নষ্ট করে দিতে পারে, সেই বোধও থাকতে হয়।
এবার ফেরা যাক ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
শনিবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের ১-০ গোলের হারের ম্যাচে প্রায় একই রকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটি পাকিস্তানের জয়সূচক গোলের কিছুক্ষণ আগের ঘটনা। প্রতিপক্ষের এক ডিফেন্ডার স্লাইড করে বল সাইডলাইনের বাইরে পাঠালে দ্রুত থ্রো-ইন নিতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক হামজা চৌধুরী। হাত বাড়িয়ে বলও চেয়েছিলেন মাঠের পাশে দায়িত্বে থাকা ব্যক্তির কাছে।
কিন্তু বলটি দ্রুত হামজার হাতে তুলে দেওয়ার বদলে অনেকটা আলতোভাবে ছেড়ে দেওয়া হয়। বল হাতে পেতে কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশ অধিনায়ককে।
আপাতদৃষ্টিতে খুব সাধারণ ঘটনা। কিন্তু ওই মুহূর্তে মাঠের পরিস্থিতিটা ছিল অন্য রকম। হামজার সামনে ছিলেন পাকিস্তানের দুজন ডিফেন্ডার। তুলনামূলক ফাঁকা জায়গায় ছিলেন ফারহান আলী ওয়াহিদ। দ্রুত থ্রো-ইন নিতে পারলে একজন ডিফেন্ডারকে এড়িয়ে ফারহানের কাছে বল পৌঁছে দেওয়ার সুযোগ ছিল হামজার। এরপর অপর ডিফেন্ডারকে কাটিয়ে আক্রমণে এগোনোর সম্ভাবনাও তৈরি হতে পারত। মিলে যেতে পারতো কাঙ্ক্ষিত গোলও।
প্রশ্নটা এখানেই। মাঠের পাশে বল সরবরাহের দায়িত্বে থাকা ওই ব্যক্তি কি বুঝতে পেরেছিলেন, হামজা কেন এত দ্রুত বল চাইছিলেন? সম্ভবত নয়।
তার আচরণে অন্তত ম্যাচের পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতির ছাপ ছিল না। তিনি হয়তো অন্য সময় যেভাবে বল ফেরত দেন, সেভাবেই দিয়েছেন। নিজের দায়িত্বের মধ্যে আলাদা কোনো ভুলও হয়তো দেখেননি।
কিন্তু ফুটবলে দায়িত্ব পালন আর সেই দায়িত্বের গুরুত্ব বোঝার মধ্যে পার্থক্য রয়েছে।
আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের ফুটবল ব্যবস্থাপনার একটি বড় ঘাটতি চোখে পড়ে।
ইউরোপের বিভিন্ন ক্লাবে বলবয়ের দায়িত্বে দেখা যায় নিজেদের একাডেমির কিশোর ফুটবলারদের। শুধু ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচেও স্থানীয় ফুটবল ক্লাব ও একাডেমির শিশু-কিশোরদের এই কাজে যুক্ত করা হয়। তবে জাতীয় দলের ম্যাচ বলেই একাডেমির কিশোরদের এই দায়িত্বে রাখা যাবে না, বিষয়টি এমন নয়। বরং আন্তর্জাতিক ম্যাচের পরিবেশে তাদের যুক্ত করার সুযোগ রয়েছে।
ক্লাবের একাডেমি বা স্থানীয় ফুটবল দলের এসব কিশোর নিজেরাই নিয়মিত ফুটবল খেলে। খেলার নিয়ম ও গতি সম্পর্কে তাদের ধারণা থাকে। এর সঙ্গে ম্যাচের আগে প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণও দেওয়া হয়। ফলে নির্ধারিত নিয়ম মেনে বল সরবরাহের কাজটি দক্ষতার সঙ্গে করার সুযোগ থাকে।
কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বল সরবরাহের দায়িত্বে যাদের দেখা যায়, তারা কোনো ফুটবল একাডেমির উঠতি খেলোয়াড় নন। এমনকি স্টেডিয়ামের নিয়মিত মাঠকর্মীও নন। মূলত কোনো টুর্নামেন্ট বা ম্যাচ আয়োজনের আগে সাময়িকভাবে ভাড়ায় আনা ব্যক্তিদেরই এই দায়িত্ব দেওয়া হয়। তাদের অনেকেই কিশোর বয়স পেরিয়ে এসেছেন। ফলে প্রচলিত অর্থে বলবয় না বলে তাদের ‘বলম্যান’ বলাই হয়তো বেশি যথাযথ।
এখানে সাময়িকভাবে ভাড়ায় কাজ করা কিংবা বয়সে বড় হওয়াও সমস্যা নয়। যে কেউ প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে দক্ষতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু যাদের কোনো টুর্নামেন্ট বা ম্যাচের আগে সাময়িকভাবে এই দায়িত্বে আনা হয়, তাদের আন্তর্জাতিক ম্যাচে বল সরবরাহের মতো বিশেষ দায়িত্ব দেওয়ার আগে কতটা প্রস্তুত করা হচ্ছে? খেলার গতি, দ্রুত আক্রমণের গুরুত্ব কিংবা বল সরবরাহের নির্দিষ্ট নিয়ম সম্পর্কে কতটা ধারণা দেওয়া হচ্ছে? আদৌ কোনো প্রশিক্ষণ দেওয়া হয় কি না, সেটিও প্রশ্ন।
এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বাংলাদেশের ফুটবলে এমনিতেই তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির সুযোগ সীমিত। সেখানে জাতীয় দলের ম্যাচে স্থানীয় ফুটবল একাডেমির কিশোরদের বলবয় হিসেবে যুক্ত করা গেলে তাদের জন্য সেটি একটি বড় অভিজ্ঞতা হতে পারে।
যে কিশোর হয়তো দূর থেকে হামজা চৌধুরী কিংবা শমিত সোমকে দেখে মুগ্ধ হয়, সে যদি জাতীয় দলের ম্যাচে মাঠের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালনের সুযোগ পায়, তার কাছে অভিজ্ঞতাটির গুরুত্ব হবে অন্য রকম। আন্তর্জাতিক ফুটবলের পরিবেশ দেখা, তারকাদের কাছ থেকে খেলা বোঝা, মাঠের শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখা, সবই তার ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে পারে। এমন একটি অভিজ্ঞতা ভবিষ্যতে ফুটবলার হওয়ার স্বপ্নটিকেও আরও বড় করে তুলতে পারে।
লিভারপুলের একাডেমিতে বেড়ে ওঠা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও ছিলেন বলবয়। অবশ্য বলবয় হলেই কেউ বড় ফুটবলার হয়ে উঠবেন, এমন নয়। কিন্তু এই অভিজ্ঞতা যে একজন কিশোরের ফুটবলের প্রতি ভালোবাসা, আগ্রহ ও স্বপ্নকে আরও গভীর করতে পারে, সেটি অস্বীকার করার সুযোগ নেই।
বাংলাদেশের বিভিন্ন ফুটবল একাডেমি থেকে কিশোরদের নির্বাচন করে এই সুযোগ তৈরি করা খুব কঠিন কিছু নয়। বরং একটি জাতীয় দলের ম্যাচে তাদের যুক্ত করা হলে সেটি হতে পারত ফুটবল উন্নয়নের ছোট কিন্তু অর্থবহ উদ্যোগ। যে কিশোর আজ হামজার হাতে বল তুলে দেবে, কয়েক বছর পর সেই হামজার পাশেই জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখবে, এমন সম্ভাবনা তৈরি করাও তো একটি ফুটবল ফেডারেশনের কাজ।
তবে বল সরবরাহের ক্ষেত্রে প্রতিযোগিতার নির্ধারিত নিয়মই সবার আগে। স্বাগতিক দলকে বাড়তি সুবিধা দিতে প্রতিপক্ষের কাছে ইচ্ছাকৃতভাবে বল পৌঁছাতে দেরি করানো কোনো আদর্শ ব্যবস্থা নয়। কাজেই এখানে দাবি প্রতিপক্ষকে অসুবিধায় ফেলার নয়; দাবি হচ্ছে, যে নিয়মে খেলা পরিচালিত হচ্ছে, সেই নিয়ম মেনে দায়িত্বের সর্বোচ্চ দক্ষতা দেখানোর। সাফের ম্যাচে বল সরবরাহকারীদের জন্য যে নির্দেশনাই থাকুক, সেটি তাদের ভালোভাবে জানা এবং প্রয়োগ করা জরুরি।
আর এখান থেকেই আসে বাফুফের পেশাদারিত্বের প্রশ্ন।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে মাঠের বাইরের অব্যবস্থাপনার উদাহরণ কম নয়। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের জন্য নির্ধারিত আসনে বহিরাগতদের বসে থাকতেও দেখা গেছে। অথচ নিরাপত্তাকর্মীদের অনেকেরই পরিষ্কার ধারণা নেই, কার কোথায় প্রবেশের অনুমতি রয়েছে। ম্যাচের আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামান্য ব্রিফিং দিলেই এমন অনেক সমস্যা এড়ানো সম্ভব ছিল।
দর্শক ব্যবস্থাপনাতেও ছিল ঘাটতি। প্রবেশপথে বিশৃঙ্খলা, নিরাপত্তাবেষ্টনী ভেঙে দর্শকদের গ্যালারিতে ঢুকে পড়া কিংবা পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে ফ্লেয়ার ছোড়ার ঘটনা আয়োজকদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। এর সঙ্গে যোগ হয়েছে টিকিটের চড়া মূল্য। সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের দামই ছিল অনলাইন সেবামূল্যসহ ১ হাজার ৬৩ টাকা। যাতায়াত ও অন্যান্য খরচ মিলিয়ে একজন দর্শকের দুই হাজার টাকার বেশি ব্যয় হওয়াও অস্বাভাবিক নয়। বাংলাদেশের বাস্তবতায় বিশেষ করে তরুণ ফুটবলপ্রেমীদের জন্য এই অঙ্ক অনেক। ফলে ঘরের মাঠে দলকে আরও বেশি সমর্থন দেওয়ার যে সুযোগ ছিল, তার পুরোটা কাজে লাগানো যায়নি।
বাফুফে অবশ্য দায় চাপাতে পারে সাফ কর্তৃপক্ষের ওপর। কারণ প্রতিযোগিতার মূল আয়োজক সাফ, বাণিজ্যিক ও পরিচালনাগত বিভিন্ন দায়িত্বে ছিল টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। কিন্তু স্বাগতিক দেশের ফুটবল ফেডারেশন হিসেবে বাফুফেও এই আয়োজনের অংশ। স্থানীয় ব্যবস্থাপনার ঘাটতির দায় তাই পুরোপুরি এড়ানোর সুযোগ নেই।
পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের জন্য বল সরবরাহকারীর কয়েক মুহূর্তের বিলম্বকে দায়ী করা যায় না। কিন্তু ঘটনাটি মাঠের বাইরের প্রস্তুতির ঘাটতিটুকু সামনে এনেছে। আন্তর্জাতিক ম্যাচে বল সরবরাহ থেকে শুরু করে নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা, প্রতিটি দায়িত্বের গুরুত্ব বুঝতে হবে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সমন্বয় নিশ্চিত করতে হবে। দেশের ফুটবল একাডেমির কিশোরদের বলবয় হিসেবে যুক্ত করার উদ্যোগও নিতে পারে বাফুফে। তাতে দায়িত্ব পালনের পাশাপাশি ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
মরিনহো যখন ক্যালাম হাইনসকে অভিনন্দন জানিয়েছিলেন, তখন শুধু দ্রুত বল ফিরিয়ে দেওয়ার জন্য প্রশংসা করেননি। সংবাদ সম্মেলনে বলেছিলেন, ছেলেটি শুধু দর্শক কিংবা স্টেডিয়ামের আলো দেখছিল না, খেলাটাও বুঝছিল।
বাংলাদেশের ফুটবলেও মাঠের বাইরের মানুষগুলোর খেলাটা বোঝা প্রয়োজন। তবে তার আগে তাদের দায়িত্বে যারা রাখেন, সেই কর্তাদেরই বুঝতে হবে, ফুটবল শুধু ৯০ মিনিটের খেলা নয়।
