Homeঅন্যান্যমিম আইকন: যেভাবে হতাশার প্রতিচ্ছবি হয়ে উঠলেন তিনি

মিম আইকন: যেভাবে হতাশার প্রতিচ্ছবি হয়ে উঠলেন তিনি

এমন দিন আমাদের সবার জীবনেই আসে, যখন কোনো পরিস্থিতির হাস্যকর রকমের বোকামি বোঝানোর মতো ভাষা খুঁজে পাওয়া যায় না। চাইলে তর্কে নেমে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করতে পারেন। এ নিয়ে আস্ত একটা অনুচ্ছেদও লিখে ফেলতে পারেন। আমিও চেষ্টা করে দেখেছি। কিন্তু এত কথা খরচ করার কী দরকার, যখন কোমরে দুই হাত রেখে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি ব্যক্তির একটি ছবিই অনায়াসে সব বুঝিয়ে দিতে পারে!

এই ছবিটা যে কতবার ব্যবহার করেছি, তার হিসাব আমার নিজেরও মনে নেই। কখনো চরম বিরক্তিতে, কখনো অবিশ্বাসে, আবার কখনো কোনো পরিস্থিতি এতটাই উদ্ভট মনে হয়েছে যে না হেসে পারিনি। প্রতিবারই মনে হয়েছে, মনের ভাব প্রকাশের জন্য এই ছবির চেয়ে ভালো কিছু আর হতে পারে না।

এই ব্যক্তির নাম মোহাম্মদ সারিম আখতার। নামটা হয়তো সবার পরিচিত নয়, কিন্তু তার মুখ চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।

চেক শার্ট পরা আখতার দুই হাত কোমরে রেখে দাঁড়িয়ে আছেন। মুখে হতাশার ছাপ স্পষ্ট। তিনি চিৎকার করছেন না, বাড়াবাড়ি রকমের কোনো প্রতিক্রিয়াও দেখাচ্ছেন না। শুধু তাকে দেখে মনে হচ্ছে, সামনে যা ঘটছে, তাতে তিনি ভীষণ বিরক্ত। আর সম্ভবত এ কারণেই ছবিটা আমার কাছে এত মজার লাগে।

ছবিটি ২০১৯ সালের ১২ জুনের। সেদিন ইংল্যান্ডের সমারসেট কাউন্টির টনটন শহরের কাউন্টি গ্রাউন্ডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

লন্ডনপ্রবাসী আখতার নিজের দেশকে সমর্থন জানাতে সেদিন মাঠে গিয়েছিলেন। ম্যাচ চলার সময় পাকিস্তানি ক্রিকেটার আসিফ আলী অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের একটি ক্যাচ ফেলে দেন। এতে গ্যালারিতে থাকা সমর্থকরা হতাশ হয়ে পড়েন।

দুর্ভাগ্যজনকভাবে, ঠিক সেই মুহূর্তেই টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে আখতারের এই প্রতিক্রিয়া।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে। এরপর দ্রুতই ছড়িয়ে পড়ে তার মুখের অভিব্যক্তি।

মানুষ ছবিটি ব্যবহার করতে শুরু করেন নিজেদের নানা হতাশা প্রকাশে। সেসব হতাশার বেশির ভাগই অবশ্য ক্রিকেটের সঙ্গে সম্পর্কহীন। ২০২১ সালে হংকংয়ে একটা মিম প্রদর্শনীতেও জায়গা করে নেয় ছবিটি।

ভাবুন তো, একজন মানুষ ক্রিকেট ম্যাচ দেখতে গেলেন। আর ফিরে এলেন সারা বিশ্বের অচেনা মানুষের কাছে হতাশার প্রতীক হয়ে!

ছবিটার দিকে যত তাকাই, ততই মনে হয়, এই অভিব্যক্তি আমাদের সবারই চেনা। জীবনের কোনো না কোনো সময়ে আমরা এমন পরিস্থিতিতে পড়েছি। যদিও আমাদের প্রতিক্রিয়া হয়তো ক্যামেরায় এভাবে ধরা পড়েনি।

অফিসে কাজ করেন এমন কারও ক্ষেত্রে ধরুন। ঘণ্টার পর ঘণ্টা ধরে তিনি একটা লেখা বা কাজ সংশোধন করলেন। অথচ যিনি এটা করতে বলেছিলেন, শেষ পর্যন্ত তিনিই জানালেন, আগের সংস্করণটাই ভালো ছিল। পেশাদারত্ব বজায় রাখা আর নিজের ধৈর্য নিয়ে প্রশ্ন তোলার মাঝামাঝি কোনো এক সময়ে মনে হবে, আর কিছু বলার নেই।

ঢাকায় অবশ্য এমন অভিজ্ঞতার জন্য অফিসে যাওয়ারও দরকার নেই।

অ্যাপের মাধ্যমে রাইড বুক করার কথাই ধরুন। চালক আপনার রাইড একসেপ্ট করলেন। আপনি অপেক্ষা করছেন, সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। কিন্তু হঠাৎ দেখলেন, মানচিত্রে ছোট্ট মোটরসাইকেলের চিহ্নটি আপনার দিকে না এসে উল্টো দিকে এগোচ্ছে। ফোন করলে চালক আশ্বস্ত করে বলছেন, তিনি আসছেন। আর আপনি বসে বসে দেখছেন, তিনি আরও দূরে চলে যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে আখতারের মুখের অভিব্যক্তিই যেন সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া।

তবে পরে তার সম্পর্কে একটা বিষয় জানতে পেরে ছবিটার দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি আমার বদলে যায়।

ম্যাচের পর আখতার জানিয়েছিলেন, আসিফ আলী ক্যাচ ফেলে দেওয়ায় তিনি হতাশ হয়েছিলেন ঠিকই, কিন্তু ইচ্ছা করেই তাকে উদ্দেশ করে চিৎকার করেননি। কারণ এর কিছুদিন আগেই ক্যানসারে আক্রান্ত হয়ে নিজের ছোট মেয়েকে হারিয়েছিলেন আসিফ। তার এই শোকের কথা জানতেন আখতার।

প্রথমবার এই মিম দেখার সময় বিষয়টা আমার জানা ছিল না। পরে জেনে বুঝলাম, আখতার যথেষ্ট হতাশ হয়েছিলেন, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই হতাশা প্রকাশ করতে গিয়ে আরেকজনের কঠিন সময়কে আরও কঠিন করে তুলতে চাননি তিনি। অন্যের কষ্টের কথা ভেবে নিজেকে সংযত রেখেছিলেন।

তার মুখের অভিব্যক্তি নিয়ে অসংখ্য রসিকতার আড়ালে প্রায়ই হারিয়ে যায় এই গল্পটা।

সেই বিকেলের পর সাত বছর পার হয়ে গেছে। এখনো মাঝেমধ্যে চোখে পড়ে আখতারের এই ছবিটা। সাধারণত ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমন বিষয়েই মিমটি ব্যবহার করা হয়।

মাঝেমধ্যে ভাবি, আখতার কি কখনো কল্পনা করেছিলেন, পৃথিবীর নানা প্রান্তের অচেনা মানুষ নিজেদের হতাশা প্রকাশ করতে বারবার তার চেহারার এই অভিব্যক্তি ধার করবেন? তাও এমন সব ঘটনার জন্য, যেগুলোর সঙ্গে তার কোনো পরিচয়ই নেই!

আমার কথা বলতে গেলে, পরেরবার কেউ যদি সারাদিনের কাজ সংশোধন করিয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে বলেন, আমি জানি কোন ছবিটি খুঁজে বের করব।

RELATED ARTICLES

Most Popular