Homeসারাদেশ‘চাঁদা দাবির জেরে’ রামপুরায় ইন্টারনেট সেবা অফিসে গুলি, আহত ২

‘চাঁদা দাবির জেরে’ রামপুরায় ইন্টারনেট সেবা অফিসে গুলি, আহত ২

১০ লাখ টাকা চাঁদা দাবির জেরে রামপুরার ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে সশস্ত্র হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির দুই টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের কয়েকজন কর্মী অফিসের ভেতরে কাজ করার সময় চার ব্যক্তি সেখানে আসেন। তাদের মধ্যে তিনজন অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান, আর একজন বাইরে ছিলেন।’

তিনি বলেন, একটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েক মিনিটের মধ্যেই হামলাকারীরা পালিয়ে যান।

মাজহারুলের ভাষ্য, ‘প্রায় দুই সপ্তাহ আগে এখানকার চাঁদাবাজ বাদশা ও জনি তাদের সহযোগীদের নিয়ে আমাদের প্রতিষ্ঠানের মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’

চাঁদা না দেওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করছেন তিনি।

আহতদের একজন সাজু জানান, তাদের ব্যবসা বন্ধ করে দিতে বলা হয়েছিল। সেটা না মেনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় হামলাকারীরা হুমকি দিয়েছিল।

তিনি বলেন, ‘ব্যবসা বন্ধ করার হুমকি দেওয়ার পরও কেন আমরা কার্যক্রম চালাচ্ছি, সেই প্রশ্ন করেই তারা গুলি চালায়।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহতদের একজনের ডান পায়ে গুলি লেগেছে, আর অন্যজনের বাঁ হাতে গুলি লেগেছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি রামপুরা থানাকে অবহিত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular