পিরোজপুরের নাজিরপুর উপজেলায় রোববার বিকেলে বিএনপির একটি দলীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এ হামলা চালিয়েছেন।
নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া গ্রামের টাওয়ার মোড়ে বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার সীমান্তসংলগ্ন।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া থেকে আওয়ামী লীগের ২০০ থেকে ৩০০ জন নেতাকর্মী মিছিল নিয়ে ওই এলাকায় আসেন। তারপর তারা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
তিনি আরও বলেন, হামলাকারীরা বিএনপি নেতা সুমন তালুকদারের বাড়িতেও হামলা চালিয়েছেন।
তবে এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
