Homeসারাদেশপালানোর সময় চালক ও হেলপারকে ধরল এলাকাবাসী

পালানোর সময় চালক ও হেলপারকে ধরল এলাকাবাসী

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগে বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে উপজেলার চিকলী এলাকার বাসিন্দারা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খন্দকার মাহমুদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসচালক আজিজ হোসেন (৪৪) ও তার সহকারী শফিকুল ইসলাম শফিক (৩৫) একটি দোকানের পাশে আশ্রয় নিয়েছিলেন। সে সময় এলাকাবাসী তাদের ধরে ফেলে।

তাদের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়, জানান মাহমুদ।

সকালে তারাগঞ্জের জিগারতল এলাকায় চলন্ত বাস থেকে তিন যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে। এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহত দুজন হলেন—নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল মিয়া (৩০) ও একই গ্রামের লোকমান হোসেনর ছেলে শাকিল ইসলাম (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

আহত যাত্রীর নাম আতিকুল ইসলাম (৩০)। তিনিও একই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এদিন দুপুরে মুকুলের বাবা কালু মিয়া বাদী হয়ে তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

‘সেই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,’ বলেন মাহমুদ।

RELATED ARTICLES

Most Popular