গোপালগঞ্জের কোটালীপাড়ায় লগি-বৈঠা নিয়ে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মাছবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হন। পরে তারা লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিয়ে উপজেলা সদরের দিকে মিছিল করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে নেতাকর্মীরা উপজেলা পরিষদের গেট পর্যন্ত মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে দিয়ে ঘাঘর বাজারের দিকে যায়। এ সময় উপজেলা পরিষদ এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
এর আগে সকালে প্রায় দুই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির নেতাকর্মীদের দেখা যায়।
স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে উপজেলা সদর থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। পরে তারা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা।
এরপর নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে, টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এদিন গোপালগঞ্জ পৌর এলাকার পরিস্থিতি স্বাভাবিক ছিল। সকাল থেকে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় যান চলাচল স্বাভাবিক থাকে। সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও শহরে মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার অস্থায়ী চশমা ব্যবসায়ী মো. মামুন ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ পরিস্থিতি ভালো আছে, তবে বেচাকেনা খারাপ। লোকজন কম। গত দুই দিনের ঝামেলার কারণে শহরে মানুষের উপস্থিতি কমে গেছে।’
গোপালগঞ্জের চৌরঙ্গী এলাকার এক রিকশাচালক বলেন, ‘আজ পরিস্থিতি ভালো। গত দুই দিন মিছিল-মিটিং হয়েছে। রাস্তায় লোকজন কম থাকায় আমাদের তেমন রোজগার হয়নি। পুলিশ বা আন্দোলনকারীরা কেউ আমাদের ওপর আক্রমণ করেনি। আমরা চাই সব ঠিক হয়ে যাক, শহরে আবার লোকজন আসুক। আয় না হলে কীভাবে খাব?’
অন্যদিকে গত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিকেলে প্রেস ব্রিফিংয়ে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দুই হাজারের বেশি সদস্য, বিজিবির ১০ প্লাটুন এবং র্যাব ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, গতকালের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব থানার তথ্য একত্র করে গ্রেপ্তারের সঠিক সংখ্যা জানানো হবে। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
