মার্কিন গোয়েন্দাদের নতুন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করছে ইরান। হামলার লক্ষ্য হতে পারেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
তবে ইরান সত্যিই এমন হামলা চালাতে পারবে কি না কিংবা হামলার সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ আছে।
আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাত কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সর্বশেষ গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, আপাতত ইরানের এই পরিকল্পনার উদ্দেশ্য হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি নয়; বরং সম্ভাব্য বিকল্প পথ খোলা রাখা।
যুক্তরাষ্ট্র যে পরিকল্পনার তথ্য পেয়েছে, তাতে নির্দিষ্ট স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ আছে বলে সিএনএনকে জানিয়েছে দুটি সূত্র। এ কারণে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো জরুরি প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, যুক্তরাষ্ট্র ‘সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের ভেতরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’
মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের এই পরিকল্পনায় সার্বিক পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি করেছে। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধ চলছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে এসব পদক্ষেপকে ইরানের জন্য ‘বিধ্বংসী’ বলে বর্ণনা করেছেন।
গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে কর্মকর্তারা বলছেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। তবে দেশটির নেতৃত্ব এখনো হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘হামলা চালানোর মতো লোকবল ইরানের আছে কি না, তা নিয়েও বিতর্ক আছে।’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চললেও তাতে তেমন অগ্রগতি নেই। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে।
নতুন এই হুমকি মোকাবিলায় মার্কিন কর্মকর্তাদের তৎপরতা বলছে, যুদ্ধের পরিস্থিতি এখনো বেশ অনিশ্চিত। গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্পের শুরু করা এই যুদ্ধের প্রভাব কেবল জ্বালানির দাম বাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তা মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।
সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, নতুন হুমকি মোকাবিলার উপায় নিয়ে গত এক সপ্তাহে কয়েক দফা বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। তাদের একজন এই প্রস্তুতিকে ‘বিচক্ষণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, অপ্রচলিত অস্ত্রের হামলার ঝুঁকিতে আছে যুক্তরাষ্ট্র। তাদের মতে, ‘ডার্টি বোমা’ তৈরি করাও বেশ সহজ। এ ধরনের বোমায় সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করা হয়। এমন হামলা চালাতে ইরানকে বাইরে থেকে প্রশিক্ষিত হামলাকারী পাঠানোরও প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কাউকে রাজি করাতে পারলেই হামলা চালানো সম্ভব।
এক মার্কিন কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত করে রাখার কথা ইরানের কথোপকথনে উঠে এসেছে। তবে এই গোয়েন্দা তথ্য কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ আছে।
তাদের অনেকেই আবার মনে করেন, সাধারণ বিস্ফোরকের সঙ্গে মেশানোর জন্য তেজস্ক্রিয় বা রাসায়নিক উপাদান যুক্তরাষ্ট্রে আগেই মজুত করে রাখা ইরানের জন্য খুব কঠিন নয়। এমনকি দেশটি এরই মধ্যে তা করেছে বলেও তাদের ধারণা।
গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘গত প্রায় ১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সীমান্তে যে ধরনের দুর্বলতা ছিল, তাতে হামলাকারীদের দেশটিতে ঢোকানো এবং বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে সেগুলো মজুত করা খুব সহজ ছিল।’
অপর কর্মকর্তার মতে, জাতীয় নিরাপত্তা বিভাগের অনেক কর্মকর্তাই মনে করেন—তেজস্ক্রিয় পদার্থ কয়েক বছর, এমনকি কয়েক দশক আগেই যুক্তরাষ্ট্রে মজুত করে রাখা থাকতে পারে।
দ্বিতীয় ওই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের আগেই আছে। নতুন করে বেড়েছে হামলা চালানোর আগ্রহ।’
এ বিষয়ে জানতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। তারা গোয়েন্দা প্রধানের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলে। কিন্তু ওই কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়।
এ প্রসঙ্গে নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশনের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে ইরান। এ ধরনের অস্ত্র ব্যবহারের অভিযোগকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে তিনি বলেন, ইরান এসব অভিযোগ স্পষ্টভাবে ও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।
গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সমাজমাধ্যম এক্স-এ বলেন—যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারগুলো নিজ দেশের জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি ইরানে হামলার প্রতি তাদের সমর্থন আদায়ের জন্য প্রচারণা চালাচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্যের বিষয়ে ওই মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি বলে প্রতিবেদনে জানানো হয়।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ‘ডার্টি বোমা’ পারমাণবিক বোমার মতো নয়। পারমাণবিক বোমা পরমাণুর বিভাজন প্রক্রিয়ায় বিপুল শক্তি তৈরি করে। ফলে এর ধ্বংসক্ষমতা অনেক বেশি। অন্যদিকে, ডার্টি বোমার বিস্ফোরণে আশপাশের কয়েক ব্লক, এমনকি কয়েক মাইল এলাকাজুড়ে বাতাসে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বোমায় বিস্ফোরণেই তুলনায় তেজস্ক্রিয়তায় বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে।
সাধারণ বোমার মতোই ডার্টি বোমা তৈরি করা সম্ভব। এর জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করাই সবচেয়ে কঠিন কাজ।
নতুন গোয়েন্দা তথ্য সম্পর্কে জানেন, এমন এক কর্মকর্তা সিএনএনকে বলেন, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য এ ধরনের অস্ত্র ব্যবহার করা হয় না। বরং আতঙ্ক ছড়ানোর জন্য এ বোমা ব্যবহার করা হয়। আত্মঘাতী বোমা হামলার মতোই এর উদ্দেশ্য মানুষের মধ্যে ভীতি তৈরি করা। এ ধরনের হামলায় মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে, এমনকি কোনো কোনো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হলো—হামলার পরিকল্পনা আগেভাগে শনাক্ত করা। কারণ, বিদেশিদের যোগাযোগে নজরদারির সুযোগ রাখা একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা আইনের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। তৎকালীন ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টেকে নিয়ে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে বিরোধের কারণে আইনটি নবায়ন করা যায়নি।
গত জুনের আগে অনুমোদন পাওয়া নজরদারির আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর কংগ্রেস নতুন করে আইনটি অনুমোদন না দিলে হামলার পরিকল্পনা শনাক্ত করার অন্যতম কার্যকর হাতিয়ার হারাতে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো। এমন আশঙ্কা জানিয়েছেন কর্মকর্তারা।
