বকেয়া পাওনা ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিশোধের দাবিতে সাইফ পাওয়াটেকের কর্মীরা কর্মবিরতিতে থাকায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সাময়িক ব্যাহত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতিতে যান। পরে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কর্মীরা কাজে ফেরেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্টদের কর্মকর্তারা জানান, কর্মবিরতির কারণে সকাল ৮টার দিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে (সিসিটি) কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত তা স্থগিত থাকে।
শিপিং এজেন্টরা জানান, এ সময় জাহাজ থেকে কনটেইনার খালাস ও বোঝাইয়ের কাজ পুরোপুরি বন্ধ ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বকেয়া গ্র্যাচুইটি, সার্ভিস বেনিফিট ও অন্যান্য ভাতাসহ বেশ কিছু দাবিতে কর্মীরা মানববন্ধন করেন।
চবক সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘সকালে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও কর্মকর্তা ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনা হয়।’
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) বর্তমানে অস্থায়ী ভিত্তিতে এনসিটি পরিচালনা করছে। টার্মিনালটির আগের বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মী ও স্টাফদের নিয়োজিত করেই সিডিডিএল সেখানকার কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে সিসিটি পরিচালনার জন্য সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির ছয় বছরের চুক্তির মেয়াদ চলতি বছরের ২ নভেম্বর শেষ হয়েছে এবং চবক সম্প্রতি তা তিন সপ্তাহের জন্য ২৩ নভেম্বর পর্যন্ত অস্থায়ীভাবে বাড়িয়েছে।
বন্দর কর্তৃপক্ষ এর আগেই সাইফ পাওয়ারটেককে তাদের কর্মীদের সব বকেয়া পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে তাৎক্ষণিকভাবে সাইফ পাওয়ারটেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
