প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ গড়ে তুলতে উদ্যোক্তাদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য নতুন একটি নীতিমালা করা হয়েছে। এর আওতায় উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করা উদ্যোক্তারা ১ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবেন। এই অর্থ দিয়ে তারা নিজেদের ধারণাকে পণ্য বা ব্যবসায় রূপ দিতে পারবেন।
‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপ অনুদান ব্যবস্থাপনা ও পরিচালন নীতিমালা, ২০২৬’ শীর্ষক নীতিমালাটি গত ১২ নভেম্বর গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে উদ্যোগের বিভিন্ন পর্যায়ে অর্থ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। নতুন ব্যবসার ধারণা তৈরি থেকে শুরু করে পণ্যের নমুনা তৈরি এবং বিনিয়োগ পাওয়ার প্রস্তুতি; প্রতিটি ধাপেই মিলবে এই অনুদান।
প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বাড়ানো, রপ্তানি বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই এই উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি সরকারি অর্থ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশি নাগরিকদের নেতৃত্বে গড়ে ওঠা স্টার্টআপগুলো এই অনুদানের জন্য আবেদন করতে পারবে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিরাও (এনআরবি) আবেদন করার সুযোগ পাবেন। নতুন উদ্যোক্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগও এ অনুদানের আওতায় আসবে।
তথ্যপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা, আর্থিক প্রযুক্তি, জলবায়ু, উৎপাদনশিল্প, জীবপ্রযুক্তি, জ্বালানি, পরিবহন ও সৃজনশীল অর্থনীতিসহ বেশ কয়েকটি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। ডিজিটাল অবকাঠামো ও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপগুলোকেও গুরুত্ব দেওয়া হবে।
তবে অনুদান পেতে হলে প্রতিষ্ঠানটি বাংলাদেশে নতুন করে নিবন্ধিত হতে হবে। ব্যবসার মূল ভিত্তি হতে হবে প্রযুক্তি ও নতুন উদ্ভাবন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান তৈরির সম্ভাবনা থাকতে হবে।
আগে থেকে চালু থাকা কোনো বড় প্রতিষ্ঠানকে ভেঙে বা ভাগ করে নতুন স্টার্টআপ তৈরি করলে এই অনুদান পাওয়া যাবে না।
উদ্যোগের ধাপ অনুযায়ী মিলবে অনুদান
স্টার্টআপের অগ্রগতি ও প্রয়োজন বিবেচনা করে ছয় ধরনের অনুদান দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো হলো—নতুন ব্যবসার ধারণা, পণ্যের নমুনা তৈরি, প্রি-সিড অনুবাদ, সিড অনুদান, বিনিয়োগ পাওয়ার প্রস্তুতি ও বিশেষ উদ্ভাবনী উদ্যোগ।
নতুন কোনো ব্যবসার ধারণা নিয়ে কাজ শুরু করতে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে। পণ্যের প্রাথমিক নমুনা বা পরীক্ষামূলক সংস্করণ (এমভিপি) তৈরির জন্য দেওয়া হবে ৩ লাখ থেকে ১০ লাখ টাকা। পরবর্তী পর্যায়ে ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগের প্রস্তুতির জন্য মিলবে ১০ লাখ থেকে ৩০ লাখ টাকা। তবে কোনো ব্যক্তি এককভাবে আবেদন করে পণ্যের নমুনা বা এমভিপি তৈরির জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা পাবেন। বিশেষ ক্ষেত্রে অনুদানের পরিমাণ ৫০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ৩০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদন করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব। আর ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে মন্ত্রীর অনুমোদন নিতে হবে।
কাজের অগ্রগতির ভিত্তিতে মিলবে অনুদান
স্টার্টআপগুলোকে একবারে পুরো টাকা দেওয়া হবে না। বরং কাজের অগ্রগতি অনুযায়ী কয়েক ধাপে অনুদানের অর্থ ছাড় করা হবে। পরবর্তী কিস্তির টাকা পেতে হলে উদ্যোক্তাদের নির্ধারিত লক্ষ্য পূরণ করতে হবে। যেমন, পণ্যের নমুনা তৈরি, বাজারে পণ্যটির চাহিদা যাচাই কিংবা নির্দিষ্ট পরিমাণ আয় নিশ্চিত করা।
অনুদানের অর্থ ঠিকভাবে খরচ হচ্ছে কি না, তা দেখতেও থাকবে নজরদারি। এ জন্য উদ্যোক্তাদের নিয়মিত কাজের অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে। পাশাপাশি সরেজমিনে পরিদর্শন, আর্থিক নিরীক্ষা এবং স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের ব্যবস্থাও থাকবে।
আবেদনে ভুল তথ্য দেওয়া, অনুদানের অর্থ অন্য কাজে খরচ করা কিংবা নীতিমালা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে অনুদান বাতিল করা হতে পারে। তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট উদ্যোক্তাকে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়া হবে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের গঠিত বিশেষজ্ঞ কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করবে। এ ক্ষেত্রে উদ্যোগের নতুনত্ব, প্রযুক্তিগতভাবে বাস্তবায়নের সম্ভাবনা, বাজারে চাহিদা, ব্যবসা সম্প্রসারণের সুযোগ এবং উদ্যোক্তা দলের দক্ষতা বিবেচনা করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত উদ্যোক্তাদের নিজেদের পরিকল্পনা বাছাই কমিটির সামনে উপস্থাপন করতে হবে। সবশেষে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অনুদানের জন্য চূড়ান্তভাবে উদ্যোক্তা নির্বাচন করা হবে।
অর্থের পাশাপাশি মিলবে নানা ধরনের সহায়তা
স্টার্টআপগুলোকে শুধু অর্থ দিয়েই সহায়তা করবে না সরকার। ব্যবসা এগিয়ে নিতে অভিজ্ঞ উদ্যোক্তা, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক এবং প্রযুক্তি ও বিনিয়োগ খাতের বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক দল গঠন করা হবে। তারা নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
এ ছাড়া নতুন উদ্যোগের পণ্য তৈরি, ব্যবসা পরিচালনার উন্নতি, বাজার খুঁজে পাওয়া এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতে বিশেষ সহায়তা দেওয়া হবে। বিনিয়োগ পাওয়ার প্রস্তুতি হিসেবে ব্যবসার মূল্য নির্ধারণ, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনার জন্য প্রেজেন্টেশন তৈরি, প্রতিষ্ঠানের সুশাসন এবং বিনিয়োগ নিয়ে আলোচনার বিষয়েও সহযোগিতা করা হবে।
এসব কার্যক্রম সহজ করতে তৈরি করা হবে ‘ন্যাশনাল স্টার্টআপ ডিজিটাল প্ল্যাটফর্ম’। এই একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকেই উদ্যোক্তারা নিবন্ধন, অনুদানের আবেদন, আবেদন যাচাই, অর্থ ব্যবস্থাপনা ও কাজের অগ্রগতি দেখতে পারবেন। পাশাপাশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং অভিযোগ জানানোর সুযোগও থাকবে।
অনুদান দেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মূল্যায়ন কমিটির সদস্যদের স্বার্থের সংঘাত আছে কি না, তা জানাতে হবে। কোনো আবেদনকারীর সঙ্গে ব্যক্তিগত বা আর্থিক স্বার্থের সম্পর্ক থাকলে সংশ্লিষ্ট সদস্য ওই আবেদনের মূল্যায়ন করতে পারবেন না।
তবে গেজেটে অনুদানের আবেদনের শেষ তারিখ বা অনলাইন প্ল্যাটফর্মের ঠিকানা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে। আবেদনের সময় জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় পরিচয় ও নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র, ব্যবসায়িক ও আর্থিক পরিকল্পনা, বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনার জন্য প্রেজেন্টেশন এবং নীতিমালায় চাওয়া অন্যান্য তথ্য জমা দিতে হবে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে নতুন উদ্যোক্তাদের সহায়তায় নানা ধরনের উদ্যোগ আছে। ভারতের ‘স্টার্টআপ ইন্ডিয়া সিড ফান্ড স্কিম’-এর আওতায় প্রাথমিক পর্যায়ে ব্যবসার ধারণা ও পণ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ ২০ লাখ রুপি অনুদান দেওয়া হয়। এ ছাড়া বাজারে প্রবেশ ও ব্যবসা সম্প্রসারণের জন্য অনুমোদিত ইনকিউবেটরের মাধ্যমে সর্বোচ্চ ৫০ লাখ রুপি ঋণ বা রূপান্তরযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে।
নেপালও নতুন উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই ঋণ দিচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ নেপালি রুপি ঋণ নিতে পারবেন। এ ঋণের সুদের হার ৩ শতাংশ।
অন্যদিকে, শ্রীলঙ্কা ২০২৬ সালের বাজেটে স্টার্টআপ খাতের উন্নয়নে একটি তহবিল গঠনের জন্য প্রাথমিকভাবে ১৫০ কোটি শ্রীলঙ্কান রুপি বরাদ্দ রেখেছে।
সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর
নতুন এই নীতিমালা বাংলাদেশের স্টার্টআপ খাতের অর্থসংকট কিছুটা কমাতে পারে। বিশেষ করে যেসব উদ্যোক্তা নতুন ধারণা নিয়ে কাজ শুরু করলেও অর্থের অভাবে পণ্য তৈরি বা বেসরকারি বিনিয়োগ পেতে সমস্যায় পড়েন, তাদের জন্য এটি সহায়ক হতে পারে।
নীতিমালায় কয়েক ধাপে অর্থ সহায়তার ব্যবস্থা থাকায় নতুন ধারণা যাচাই থেকে শুরু করে পণ্যের নমুনা তৈরি এবং বিনিয়োগের প্রস্তুতি, সব পর্যায়েই উদ্যোক্তারা সহায়তা পাবেন। প্রবাসী বাংলাদেশিদের আবেদনের সুযোগ রাখায় বিদেশে থাকা উদ্ভাবকদেরও দেশের স্টার্টআপ খাতে যুক্ত হওয়ার পথ তৈরি হবে।
তবে শুধু নীতিমালা করলেই হবে না, এর সঠিক বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমলাতান্ত্রিক জটিলতা ও অনুদানের অর্থ পেতে দীর্ঘসূত্রতা স্টার্টআপগুলোর জন্য প্রায়ই বড় বাধা হয়ে দাঁড়ায়।
তাই যোগ্য উদ্যোক্তা নির্বাচন, সময়মতো অর্থ ছাড়, সহজ আবেদনপ্রক্রিয়া এবং কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার হবে এবং সম্ভাবনাময় উদ্যোগগুলো সফল ব্যবসায় পরিণত হওয়ার সুযোগ পাবে।
লজিস্টিকস প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ট্রাক লাগবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত রশীদ বলেন, নতুন নীতিমালার ফলে অনুদান পাওয়ার প্রক্রিয়া একটি কাঠামোর মধ্যে আসবে। একই সঙ্গে নতুন উদ্যোক্তারা ধারণা থেকে বিনিয়োগ পর্যন্ত এগিয়ে যাওয়ার পথ পাবেন।
তবে তার মতে, অনুদানের পরিমাণ আরও বাড়ানো দরকার। অনুদানের টাকা কবে পাওয়া যাবে, তা-ও নীতিমালায় স্পষ্ট করা হয়নি। এ ছাড়া কোনো ব্যবসায়িক উদ্যোগ ব্যর্থ হলেই সেটিকে অর্থের অপব্যবহার বলা যাবে না। বিষয়টি নীতিমালায় পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত।
এনায়েত রশীদ বলেন, ‘তবে এটি সত্যিই একটি ভালো উদ্যোগ। এর সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর।’
