উইকেটের পেছনে গ্লাভস হাতে দুর্দান্ত নৈপুণ্যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়লেন লিটন দাস। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ইতোমধ্যে ছয়টি ক্যাচ নিয়ে দেশের উইকেটরক্ষকদের মধ্যে এককভাবে চূড়ায় উঠলেন তিনি। এতদিন এই কীর্তিতে যৌথভাবে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও লিটন নিজেই।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করার পর কিপিংয়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। এখন পর্যন্ত স্বাগতিকদের পতন হওয়া ৭ উইকেটের মধ্যে ছয়টিতেই ক্যাচ নিয়েছেন তিনি। টেস্টে বাংলাদেশের জার্সিতে কোনো উইকেটরক্ষকের এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এটি। বিশ্ব রেকর্ডে ভাগ বসাতে তার প্রয়োজন আর মাত্র একটি ক্যাচ।
টেস্টে বাংলাদেশের হয়ে কিপিংয়ে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নেওয়ার আগের কীর্তিটি ছিল যৌথভাবে তিনজনের। মুশফিকের নাম সেখানে রয়েছে দুবার। ২০১০ সালে মিরপুরে ভারতের বিপক্ষে প্রথমবার এই নজির গড়েন তিনি। পরে ২০১৩ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষেও পাঁচটি ক্যাচ নেন বাংলাদেশের ইতিহাসের সফলতম টেস্ট ব্যাটার।
২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ক্যাচ নিয়ে মুশফিকের পাশে বসেন ইমরুল। মুশফিক চোট পাওয়াতেই ওই ম্যাচে বদলি উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছিল ইমরুলকে। তারপর গত অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এক ইনিংসে পাঁচটি ক্যাচ নিয়ে ওই দুজনকে স্পর্শ করেন লিটন। এবার তিনি তাদেরকে ছাড়িয়ে একাই দখল করলেন শীর্ষস্থান।
জোহানেসবার্গে নতুন রেকর্ড গড়ার পথে আগের দিন দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেটের তিনটিই নিজের গ্লাভসে জমা করেন লিটন। মঙ্গলবার তৃতীয় দিন সকালে বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তার সংগ্রহে যোগ হয় আরও তিনটি ক্যাচ। ফলে এক ইনিংসে মোট ক্যাচের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়টি।
তাসকিন আহমেদের অফ স্টাম্পের বেশ বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে ভিয়ান মুল্ডার ক্যাচ দেন লিটনের হাতে। এরপর প্রায় একই কায়দায় তার গ্লাভসবন্দি হয়ে আউট হন মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মার। ইয়ানসেনকে বিদায় করেন তাসকিন, হার্মারকে হাসান মাহমুদ।
আরও একটি ক্যাচ নেওয়ার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে দ্বিতীয় দিন বিকেলে হাসানের বলে রায়ান রিকেলটনের ক্যাচটি লুফে নিতে পারেননি। আগেই ডান দিকে সরে যাওয়ায় পরে বাম দিকে ঝাঁপিয়েও বল তালুবন্দি করতে ব্যর্থ হন তিনি। তা না হলে এতক্ষণে বিশ্ব রেকর্ড হয়ে যেতে পারত তার।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে পাঁচজনের। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভার। আরেকটি ক্যাচ নিয়ে তাদের পাশে নাম লেখানোর দারুণ সুযোগ এখন লিটনের সামনে। কারণ দক্ষিণ আফ্রিকার ইনিংসে আরও তিনটি উইকেট বাকি আছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৮৬ রান। লাঞ্চ বিরতির পর বৃষ্টি ও বজ্রপাতের কারণে আর মাঠে নামতে পারেননি ক্রিকেটাররা। ফলে পুরো এক সেশনের খেলা ভেস্তে গেছে।
